সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মে ২০২৬ ১৬:৩৯ পিএম
আপডেট : ১৬ মে ২০২৬ ১৭:৫০ পিএম
সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।
উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্যাফৈর বাজারে শুক্রবার দিবাগত রাতে কার্যালয়টিতে আগুন দেওয়া হয়।
আরও পড়ুন: নেছারাবাদে আগুনে পুড়ল ১৭ দোকান |
দলীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর বিন্যাফৈর বাজারে স্থানীয় বিএনপি নেতারা এই দলীয় কার্যালয়টি স্থাপন করেন। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কার্যালয়ে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিতে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া অফিসের আসবাবপত্র ও বেড়া পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর-রশিদ ফকির অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে। এতে আসবাবপত্র ও নেতাদের ছবি পুড়ে গেছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বিএনপি কার্যালয়ে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।