রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৬:০৭ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬ ১৬:৪৩ পিএম
বাসটি রাস্তায় পড়ে থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
আরো পড়ুন: ভোলায় লঞ্চের রশি ছিঁড়ে দুই যাত্রী আহত |
জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ।
দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরতরা চট্টগ্রামে বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে বাসটি ব্রেকফেল হলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।
রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, “এ ঘটনায় আহত ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এক জনকে চমেকে রেফার করা হয়েছে”।