কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১৫:৪৫ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬ ১৬:০২ পিএম
বিস্ফোরণে আহত শহীদুলেকে প্রথমে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় বৃহস্পতিবার দুপুর পৌণে ১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আরো পড়ুন: ভোলায় লঞ্চের রশি ছিঁড়ে দুই যাত্রী আহত |
আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে। বিজিবি বলছে ওই রোহিঙ্গা যুবক আশ্রয় শিবির থেকে বে-আইনিভাবে বের হয়ে সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় মাছ ধরতে গিয়েছিল।
স্থানীয়দের বরাতে লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, “দুপুরে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূণ্যরেখায় মোহাম্মদ শহীদুল সহ আরও কয়েকজন রোহিঙ্গা মাছ ধরছিল। এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হয়”।
বিস্ফোরণের ঘটনায় শহীদুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, ঘটনার পর সেখানে উপস্থিত লোকজন আহত যুবককে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।