প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১২:৫৭ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১২:৪৭ পিএম
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের পাশে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীরা। প্রবা ফটো
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ রোগীদের পাশেই চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ থাকলেও স্যালাইন না পাওয়ার অভিযোগ ডেঙ্গু রোগীদের। ঈদের ছুটিতে বগুড়ায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ১০-১২ জন। আশুলিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছে ১৩ জন।
আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর-
বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের বিভিন্ন ইউনিটে থাকা সাধারণ রোগীদের পাশে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী ও স্বজনরা অভিযোগ করেছেন, ডেঙ্গু রোগীদের জন্য এই হাসপাতালে আলাদা ইউনিট না খোলায় সাধারণ রোগীদের সঙ্গে গাদাগাদি করে রাখা হচ্ছে। এতে অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের জন্য মেডিসিন ওয়ার্ডের নিচতলার দুটি কক্ষ প্রস্তুত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে ৫২ রোগী চিকিৎসাধীন রয়েছে। গত দেড় মাসে ১৮৬ ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে পরিচালক জানান।
চট্টগ্রাম : চট্টগ্রামের ওয়াসা মোড়ের গৃহিণী বিবি মরিয়ম ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছে গত ৪ জুলাই। ওয়ার্ডের বারান্দায় ডেঙ্গু কর্নারের একেবারে বাম পাশে ঠাঁই হয়েছে তার। বারান্দায় চলছে তার চিকিৎসা। তার স্বামী ওসমান গনির অভিযোগ, নাপা ছাড়া হাসপাতালে আর কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: ডেঙ্গুর হটস্পট চট্টগ্রাম, ঘুমিয়ে চসিক
সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগে কর্মরত ওসমান গনি জানান, তিনি রোগীকে স্যালাইন কিনে দিয়েছেন। নার্সরা ঠিকমতো দায়িত্ব পালন করেন না। কোনো ফ্যান ও লাইট নেই। ডাক্তার ডেঙ্গু আক্রান্ত তার স্ত্রীকে দেখার সময় তিনি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছেন। সেই আলোতে তিনি রোগী দেখেছেন। বাসা থেকে ফ্যান এনে ইলেকট্রিক বোর্ড খুলে ফ্যানের ব্যবস্থা করতে হয়েছে তাকে। চট্টগ্রাম মেডিকেলের তিনটি ওয়ার্ডে সরেজমিনে ঘুরে চিকিৎসার বিষয়ে রোগীদের কাছ থেকে নানান অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেলের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রাজীব পালিত বলেন, এমন হওয়ার কথা না। আমরা ওয়ার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। ওষুধ, স্যালাইন সব পর্যাপ্ত আছে।
বগুড়া : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চারজন রোগী চিকিৎসা নিচ্ছে। তারা সবাই বগুড়ার বাসিন্দা। ঈদের ছুটিতে সবাই ঢাকা থেকে বগুড়ায় ফেরার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।
তিনি আরও জানান, জুন মাস থেকে এ পর্যন্ত হাসপাতালে ১৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়। বর্তমানে চারজন রোগী ভর্তি হয়েছে। বাকি ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তারা সবাই ঢাকা ফেরত ছিল। আমরা এখন পর্যন্ত সিরিয়াস কোনো রোগী পাইনি। এ ছাড়া বগুড়ায় ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়েনি। তবে আমরা সতর্ক এবং প্রস্তুত রয়েছি।