× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক মাধ্যমে অপচিকিৎসার ফাঁদ

রাহাত হুসাইন

প্রকাশ : ১৩ মিনিট আগে

ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

সামাজিক মাধ্যমে রোগমুক্তির লোভনীয় বিজ্ঞাপন ও ফুড সাপ্লিমেন্টের চটকদার প্রচারণায় বিভ্রান্ত হয়ে অপচিকিৎসার ফাঁদে পড়ছেন অনেকে। ফেসবুক, ইউটিউব ও টিকটকে ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ভেষজ পণ্য, হারবাল ও খাদ্যপণ্য দিয়ে ক্যানসার, ডায়াবেটিস বা বন্ধ্যত্বের মতো জটিল রোগ সম্পূর্ণ নিরাময়ের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর শিথিল নজরদারির সুযোগে অনলাইনে চলা এই প্রতারণায় কেবল অর্থই নষ্ট হচ্ছে না, বরং ভুল চিকিৎসায় রোগীদের জীবন মারাত্মক ঝুঁকি ও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী, অভিযুক্ত ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কথা বলেছে প্রতিদিনের বাংলাদেশ।

প্রতারণার শিকার দুই রোগীর অভিজ্ঞতা

রাজধানীর হাজারীবাগের গৃহিণী পারভীন সুলতানা (৫৭) দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। রোগ থেকে চিরমুক্তির আশায় ফেসবুকের ‘সুকুনাহ’ পেজের বিজ্ঞাপন দেখে ১ হাজার ৪৫০ টাকায় ‘ত্বীনমিক্স রেমিডি’ নামের একটি পণ্য কেনেন। বিক্রেতার প্রচারণায় আশ্বস্ত হয়ে ব্যবহারের পর তার রক্তের শর্করার মাত্রা উল্টো বেড়ে যায়। এ বিষয়ে সুকুনাহর ওয়েবসাইট নম্বরে যোগাযোগ করা হলে অর্ণব নামের এক প্রতিনিধি দাবি করেন, এটি প্রাকৃতিকভাবে তৈরি ও ল্যাব টেস্টেড। তবে অনুমোদন বা কোনো পরীক্ষার বৈধ নথি তিনি দেখাতে পারেননি। একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন শ্যামপুরের এক ভুক্তভোগী আব্দুর রহমান (ছদ্মনাম)। একশিরা রোগ নিরাময়ে ‘অ্যালিফা ভেষজ দাওয়াকানা’ থেকে ১ হাজার ৮০০ টাকার ওষুধ কিনে এক মাস ব্যবহার করলেও কোনো উপকার পাননি।

প্রচারণার আড়ালে প্রতারণার কৌশল

সামাজিক মাধ্যমে বিক্রেতাদের কেউ নিজেদের ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা গবেষক দাবি করছেন। চিকিৎসকের মতো অ্যাপ্রোন পরে তৈরি ভিডিওতে অস্ত্রোপচার ছাড়াই জটিল রোগ সারানোর মনগড়া প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রচারণায় বৈজ্ঞানিক প্রমাণের বদলে ব্যবহার করা হচ্ছে কথিত রোগীদের সাক্ষাৎকার। অনেক বিক্রেতা অনুমোদন এড়াতে পণ্যকে ‘ফুড সাপ্লিমেন্ট’ দাবি করলেও বিজ্ঞাপনে ডায়াবেটিস, কিডনি, ক্যানসার বা যৌন সমস্যা সমাধানের গ্যারান্টি দিচ্ছেন। ক্রেতাদের আকর্ষণ করতে দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যছাড়। পণ্যের উপাদান ও মান নিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন করা হলে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে বলা হয় এবং সেখানেই দেওয়া হয় অননুমোদিত চিকিৎসা পরামর্শ।

আইনি বাধ্যবাধকতা ও সংস্থাগুলোর ভূমিকা

ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৭১(১) ধারা অনুযায়ী অনুমোদন ছাড়া ওষুধের চিকিৎসা সংক্রান্ত তথ্য দিয়ে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ এবং অপরাধের সাজা সর্বোচ্চ তিন বছরের জেল বা পাঁচ লাখ টাকা জরিমানা। গত ১৫ জুন ঔষধ প্রশাসন অধিদপ্তর এ নিয়ে কঠোর নির্দেশনামূলক বিজ্ঞপ্তি দিলেও বাস্তবে তার প্রতিফলন মিলছে না।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুজ্জামান খান প্রতিদিনের বাংলাদেশকে জানান, অনলাইনে ভুয়া বিক্রেতাদের সুনির্দিষ্ট ঠিকানা পেলে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে পাবনার একটি নিবন্ধিত প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন রুমী এ প্রতিবেদককে বলেন, অপপ্রচার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিট ও ঔষধ প্রশাসনের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সামাজিক মাধ্যমে অনৈতিক প্রচারণায় জড়িত চিকিৎসকদের বিষয়ে সতর্ক করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) ড. মোহাম্মদ মোস্তফা এ প্রতিবেদককে জানান, ১ নভেম্বর থেকে ফুড সাপ্লিমেন্টের লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। লাইসেন্সহীন বিক্রি আইনি অপরাধ এবং খাদ্যপণ্য দিয়ে রোগ নিরাময়ের দাবি করা সম্পূর্ণ বেআইনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চিকিৎসাবিজ্ঞান কেবল নিবন্ধিত ও প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত, কারণ এর সঙ্গে জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িত। তিনি আসন্ন সাইবার নীতিমালায় এই অপপ্রচার রোধে কঠোর বিধান যুক্ত করার তাগিদ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা