প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৫৫ এএম
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর প্রতিনিধিরা চুক্তিতে সই করেন। ছবি: জাপান দূতাবাস
ঢাকার বস্তি ও সুবিধাবঞ্চিত এলাকায় যক্ষ্মা (টিবি) শনাক্তকরণ কার্যক্রম জোরদারে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান সরকার। এ অর্থে মোবাইল টিবি স্ক্রিনিং কার্যক্রম পরিচালনার জন্য একটি টয়োটা ল্যান্ড ক্রুজার ও একটি ফুজিফিল্মের বহনযোগ্য ডিজিটাল এক্স-রে ইউনিট কেনা হবে।
ঢাকায় জাপান দূতাবাসে মঙ্গলবার এ-সংক্রান্ত অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। জাপান সরকারের ‘গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস’ (জিজিপি) কর্মসূচির আওতায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।
প্রকল্পটির আওতায় আইসিডিডিআর,বি একটি টয়োটা ল্যান্ড ক্রুজার ও একটি ফুজিফিল্মের পোর্টেবল ডিজিটাল এক্স-রে যন্ত্র সংগ্রহ করবে। এসব সরঞ্জাম ব্যবহার করে মোবাইল স্বাস্থ্য দলগুলো ঢাকার এমন সব বস্তি ও জনবসতিতে সরাসরি যক্ষ্মা স্ক্রিনিং সেবা পৌঁছে দেবে, যেখানে সাধারণ স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার সীমিত।
প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৯ হাজার মানুষকে যক্ষ্মা শনাক্তকরণ পরীক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে আগে শনাক্ত না হওয়া যক্ষ্মা রোগীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “মানুষের জীবন ও মর্যাদা সুরক্ষাকে জাপান অত্যন্ত গুরুত্ব দেয়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যেসব মানুষ নানা বাধার মুখে পড়েন, তাদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই প্রকল্প জাপানের মানবিক নিরাপত্তাবিষয়ক অঙ্গীকারকে বাস্তবে রূপ দিচ্ছে”।
বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলায় গবেষণা ও বাস্তবভিত্তিক সমাধান নিয়ে কাজ করে আসছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিষ্ঠানটির জনস্বাস্থ্যবিষয়ক দক্ষতার সঙ্গে জাপানের প্রযুক্তিগত সহায়তার সমন্বয় ঘটবে।
অনুষ্ঠানে টয়োটা টুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানিও উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে টয়োটা টুসো করপোরেশন ও ফুজিফিল্ম গাড়ি ও এক্স-রে সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেবে।
জাপান সরকার ১৯৮৯ সাল থেকে জিজিপির আওতায় বাংলাদেশে বিভিন্ন এনজিওর ২২৪টি প্রকল্পে সহায়তা দিয়েছে। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানবনিরাপত্তা জোরদারের লক্ষ্যে এসব প্রকল্পে দেওয়া মোট অনুদানের পরিমাণ প্রায় ১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার।