প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৬ পিএম
ফাইল ছবি
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৬ এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং একজনের রংপুর বিভাগে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগেÑ৬২৪ জন।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৭ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৫২ জন, বরিশাল বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ১৯২, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহ বিভাগে ৬৪, রংপুর বিভাগে ৩৫ এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৪ হাজার ৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সর্বশেষ সাত দিনে- গত ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্তÑদেশে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯৭০ জন ডেঙ্গু রোগী।