অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে অপেক্ষমান স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাম পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৫ আগস্ট সকাল ৮টা থেকে ২৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ৯৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জনের।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৫০ জনের। এর মধ্যে ৮৫১ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামে এবং ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন।
ডেঙ্গু পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ৫৫০ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১০২, খুলনায় ৩৮, ময়মনসিংহে ৪৫, বরিশালে ৬, রংপুরে ৬ এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৩৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ২১২ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।