গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
মশার শরীরের ভেতরে থাকা অণুজীব মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষকরা এখন মশার সঙ্গে বসবাসকারী এসব অণুজীব বা মাইক্রোবায়োমকে কাজে লাগিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের নতুন সম্ভাবনা খুঁজছেন। মশার জীববিজ্ঞান, রোগপ্রতিরোধ ক্ষমতা ও রোগজীবাণু ছড়ানোর প্রক্রিয়ায় মাইক্রোবায়োমের ভূমিকা নিয়ে দ্রুত এগোচ্ছে গবেষণা। আগামী ২ সেপ্টেম্বর একটি বিশেষ ওয়েবিনারে (অনলাইন কর্মশালা) মশার মাইক্রোবায়োম এবং রোগ সংক্রমণের সঙ্গে এর সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ২০২৬ সালের ‘নোস্টার অ্যান্ড সায়েন্স মাইক্রোবায়োম প্রাইজ’-এর বিজয়ী ইবিন ঝু এবং গবেষক কেরি কুন এতে অংশ নেবেন। প্রায় ৬০ মিনিটের এই ওয়েবিনারে তারা মশার অণুজীবীয় প্রতিবেশবিদ্যার সাম্প্রতিক অগ্রগতি এবং এর মাধ্যমে কীভাবে রোগ প্রতিরোধের নতুন পথ তৈরি হতে পারে, তা তুলে ধরবেন।
গবেষকদের মতে, প্রায় সব বহুকোষী জীবের শরীরেই বিভিন্ন ধরনের অণুজীবের সমন্বয়ে গড়ে ওঠা মাইক্রোবায়োম রয়েছে। এসব অণুজীব জীবের বিকাশ, রোগপ্রতিরোধ ক্ষমতা, বিপাকক্রিয়া এবং বিভিন্ন রোগের ওপর প্রভাব ফেলে। মশার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। মশার অন্ত্রসহ শরীরের বিভিন্ন অংশে বসবাসকারী অণুজীবগুলো মশার শারীরবৃত্তীয় কার্যক্রম ও রোগজীবাণুর সঙ্গে মশার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ফলে মশার মাইক্রোবায়োমকে বোঝা গেলে রোগবাহিত হওয়ার প্রক্রিয়াও আরও ভালোভাবে বোঝা সম্ভব হতে পারে। এখন পর্যন্ত মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশা নিধন, প্রজননস্থল ধ্বংসসহ বিভিন্ন প্রচলিত পদ্ধতি ব্যবহার করা হয়। তবে গবেষকরা মনে করছেন, এসব পদ্ধতির পাশাপাশি মশার মাইক্রোবায়োমকে লক্ষ্য করেও নতুন ধরনের নিয়ন্ত্রণ কৌশল তৈরি করা সম্ভব।
এই ধারণার ভিত্তি হলোÑ মশার শরীরে থাকা নির্দিষ্ট অণুজীব মশার রোগপ্রতিরোধ ব্যবস্থা এবং রোগজীবাণুর সংক্রমণকে প্রভাবিত করতে পারে। তাই মশার সঙ্গে থাকা ‘অণুজীবগুলোর পারস্পরিক সম্পর্ক’ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া গেলে মশাবাহিত রোগ সংক্রমণ কমানোর নতুন উপায় তৈরি হতে পারে।