ডেঙ্গুবাহী এডিস মশা। ছবি: বিডি ডক্টরস
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ব্যক্তিটি খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।
অন্যদিকে, নতুন আক্রান্ত ১৫৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে ৭৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৬৯ জন। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে ৪ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪০৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৭৫৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৩১০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯ জন।