প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৭:২১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৮:১৬ পিএম
হাম আক্রান্ত শিশু। ফাইল ছবি
দেশে গত সাড়ে চার মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৭ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং ৯০০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনই ছিলেন সন্দেহভাজন হাম রোগী। তাদের একজন সিলেট বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের বরগুনা জেলার বাসিন্দা। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনাক্তের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯০০ জন সন্দেহভাজন রোগী চিহ্নিত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৮৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৮ হাজার ৩১০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।
মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৪১ জন সন্দেহভাজন হাম রোগী এবং ল্যাব পরীক্ষার মাধ্যমে ৯৬ জনের মৃত্যু ‘নিশ্চিত হাম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সিলেট ও বরিশাল বিভাগে সংক্রমণের হার ও মৃত্যু—উভয়ই তুলনামূলক বেশি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।