প্রতীকী ছবি
বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এফসিপিএস (পার্ট-১) এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসক এই ভাতার আওতায় আসবেন এবং প্রতি মাসে নিয়মিতভাবে তা পরিশোধ করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (বাজেট-২ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আলাউদ্দিন আলী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সোমবার স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬টি সিদ্ধান্তের সমন্বয়ে একটি যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়।
যৌথ বিবৃতির ১ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী— “এফসিপিএস পার্ট-১, এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ হলে সব বেসরকারি প্রশিক্ষণার্থী ভাতা পাবেন এবং এই ভাতা প্রতি মাসে পরিশোধ করা হবে।”
প্রজ্ঞাপনে আরও উল্লেখ হয়, মতবিনিময় সভার এই সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।