হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৭:২৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩ ২০:১৭ পিএম
ছবি : ফারহান ফয়সাল
এমন ঘন বর্ষায় বাড়িতে খিচুড়ি রান্না না হলে কী চলে! বৃষ্টির শান্তির ধারা দেখলেই খিচুড়ির কথা মনে করে জিভে আসে জল। শ্রাবণ দিনে তাই হেঁশেলে থাকছে ৪ স্বাদের খিচুড়ি। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মমতাজ বেগম ঊর্মি

মুগডালে ভুনা খিচুড়ি
যা যা লাগবে : পোলাও চাল ১ কাপ, মুগডাল ১/৪ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, জিরা গুঁড়া ১/৪ চা-চামচ, পেঁয়াজ ১টি, কাঁচা মরিচ ৩-৪টি, এলাচ ৩টি, তেল ১/৩ কাপ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : মুগডাল ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে তেল দিয়ে এলাচ দিন। এর মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে পোলাও চাল, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ একে একে সব দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে গরম পানি দিন আড়াই কাপ। পানি কমে এলে চুলার আঁচ কমিয়ে কাঁচা মরিচ দিয়ে ঢেকে রাখুন। ৩-৪ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।



টক খিচুড়ি
যা যা লাগবে : ভাত (আগের দিনের বেঁচে যাওয়া), হলুদ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৩টি, তেঁতুল ২টি (তেঁতুলের ক্বাথ আধা চা-চামচ), পানি ভাতের দ্বিগুণ, পেঁয়াজ ১টি, শুকনো মরিচ ৩টি, কালোজিরা আধা চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ ও লবণ পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে ভাত, পানি, হলুদ, কাঁচা মরিচ, তেঁতুল ক্বাথ, পেঁয়াজ, লবণ দিয়ে একসঙ্গে মেখে চুলায় দিন। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। ভাত আধা ভাঙা হয়ে ঘন হয়ে এলে বাগার দিতে হবে। বাগার যেভাবে দেবেন : প্যানে তেল দিয়ে রসুন কুচি, শুকনা মরিচ ও কালোজিরা দিতে হবে। রসুন লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। লাল হয়ে এলে টক ভাতে ঢেলে দিন। তৈরি দারুণ মজার টক খিচুড়ি।