× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেঁশেল

অল্প মসলায় সুস্বাদু খাবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৪:২৩ পিএম

অল্প মসলায় সুস্বাদু খাবার

মসলা বেশি হলেই যে খাবার সুস্বাদু হয় এমনটা মোটেই নয়। বরং বেশি তেল-মসলার খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অল্প মসলায় তৈরি ৪ পদ থাকছে আজকের হেঁশেলে। যা একদিকে সুস্বাদু অন্যদিকে স্বাস্থ্যকর। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা আহাম্মেদ


কাঁঠালের আঁটিতে মুরগির ঝোল

যা যা লাগবে : মুরগি ১টি, কাঁঠালের আঁটি ৮-১০টি, আলু (মাঝারি) ২-৩টি, আদা বাটা ৩ চা-চামচ, রসুন বাটা ৩ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১/৪ চা-চামচ, এলাচ ৩টি, দারুচিনি ৩ টুকরো, পেঁয়াজ কুচি আধা কাপ ও লবণ প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে তেল হালকা গরম হলে গরম মসলা দিন। হালকা নেড়ে সুন্দর ঘ্রাণ বের হলে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার সব মসলা অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কাঁঠালের আঁটিগুলো শুকনো তাওয়ায় টেলে নিন এবং ওপরের খোসা ছাড়িয়ে দুই টুকরো করে নিন। আলুর খোসা ছাড়িয়ে বড় আকারের কিউব করে কেটে নিন। কষানো মসলায় তেল ওপরে উঠলে মুরগি দিয়ে লবণ ও সামান্য পানি মিশিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মুরগি ভালোভাবে মসলায় কষানো হলে আলু ও কাঁঠালের আঁটি দিতে হবে। এক কাপ পানি দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন। সবকিছু সিদ্ধ হয়েছে কি না দেখতে হবে। সিদ্ধ না হলে সামান্য পানি দিয়ে অল্প আঁচে আরও ১০ মিনিট রান্না করুন। তেল ওপরে ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মুরগির ঝোল।


দই ঢেঁড়স

যা যা লাগবে : ঢেঁড়স ৪০০ গ্রাম, দই আধা কাপ, তেল ১/৪ কাপ, আদা কুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, ধনেপাতা ৮-১০টি, হলুদ ১ চিমটি, স্পেশাল মসলা ( মেথি, সরিষা, কালিজিরা, জইন, মৌরি) আধা চা-চামচ ও লবণ আধা চা-চামচ।

যেভাবে তৈরি করবেন : মেথি, সরিষা, কালিজিরা, জইন ও মৌরি অল্প করে নিয়ে একত্রে গুঁড়া করে রাখুন। ঢেঁড়স ধুয়ে এক ইঞ্চি লম্বা করে টুকরো করুন। গরম তেলে আধা চা-চামচ গুঁড়া মসলা, আদা ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেঁড়স দিন। অল্প আঁচে ৫ মিনিট ভাজতে হবে। চুলার আঁচ একেবারে কমিয়ে হলুদ দিয়ে নেড়ে দই দিন। আলতো করে নাড়তে হবে। ঢেকে ১০ মিনিট রান্না করুন। ধনেপাতা দিয়ে আরও ৫ মিনিট রেখে চুলা বন্ধ করুন। তৈরি দই ঢেঁড়স। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন : বেগুন বিলাস


থানকুনি পাতায় পাবদা মাছ

যা যা লাগবে : পাবদা মাছ ৫টি, থানকুনি পাতা ১০-১২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি ১টি ও লবণ প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন : মাছ কেটে ধুয়ে হলুদ-লবণ মেখে ১৫ মিনিট রেখে দিন। প্যানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো মসলায় মাছ, সামান্য পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর থানকুনি পাতা ও কাঁচা মরিচ দিয়ে আরও ১০ মিনিট ঢেকে রান্না করুন। ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে আরও ৫ মিনিট পর চুলা বন্ধ করে দিন। এরপর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।


লাউ ডাল

যা যা লাগবে : লাউ আধা কেজি, মসুর ডাল আধা কাপ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪টি, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ ও লবণ প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন : লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নিন। মসুর ডাল ভালো করে ধুয়ে নিন। তেলে পেঁয়াজ কুচি হালকা ভেজে রসুন বাটা, হলুদ ও জিরার গুঁড়া দিয়ে কষিয়ে লাউ দিন। একটু কষিয়ে ওপরে ডাল ও সামান্য পানি দিয়ে ঢেকে দিন। লাউ ও ডাল সিদ্ধ হলে ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট পর নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু লাউ ডাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা