হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৩:৫৪ পিএম
ছবি : ফারহান ফয়সাল
বেগুনের নামে নেই কোনো গুণ। তবে কাজে ঠিক উল্টো। এই সবজি নানাভাবে রান্না করা যায়; যা খেতে যেমন সুস্বাদু, অন্যদিকে উপকারী। বেগুনের মজাদার কিছু রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম

আচারি বেগুন
যা যা লাগবে : বেগুন ২টি, আমের ঝুড়ি আচার ১ চা-চামচ, পাঁচ ফোড়ন ১ চা-চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, পানি ১/৪ কাপ ও কাঁচা মরিচ ৪-৫টি।
যেভাবে তৈরি করবেন : প্রথমে বেগুন চার ফালি করে কেটে নিন। তবে ডাঁটা থেকে ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। পানিতে ২ মিনিট ভিজিয়ে রেখে তুলে নিয়ে সামান্য হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে বেগুনের ভেতরে মাখিয়ে নিতে হবে। প্যানে তেল দিয়ে বেগুন হালকা ভেজে নিন। সাবধানে ভাজতে হবে, যাতে ভেঙে না যায়। এপাশ-ওপাশ ভেজে নামিয়ে নিন। এবার ওই তেলে পাঁচফোড়ন দিয়ে গন্ধ বের হলে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। একটু নরম হলে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে নাড়তে হবে। সামান্য পানিতে বাকি গুঁড়া মসলা দিয়ে কষিয়ে পানি দিন। ফুটে এলে ভাজা বেগুন, আমের আচার ও আচারের তেল দিয়ে ঢেকে রান্না করতে হবে। তেল ওপরে উঠলেই কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন মজাদার আচারি বেগুন।

ব্রিনজাল ফিঙ্গার ফ্রাই
যা যা লাগবে : বেগুন ১টি, ডিম ১টি, কর্নফ্লাওয়ার আধা কাপ, লবণ পরিমাণমতো, ব্রেডক্রাম্ব আধা কাপ, তেল ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ ও গোল মরিচ গুঁড়া ১ চিমটি।
যেভাবে তৈরি করবেন : প্রথমে বেগুনের খোসা ছাড়িয়ে ফিঙ্গার বা আঙুলের মতো লম্বা করে কেটে নিতে হবে। ধুয়ে নিন ভালোভাবে, যেন কষ চলে যায়। পেপার টাওয়ালে মুছে নিন। এখন ফিঙ্গারগুলোতে সামান্য লবণ, গোলমরিচ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারে গড়িয়ে ডিম ফেটে তাতে ডুবিয়ে আবারও ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এভাবে সব বানানো হলে নরমাল ফ্রিজে আধঘণ্টা রেখে দিতে হবে। চুলায় প্যান গরম হলে ডুবো তেলে ফিঙ্গারগুলো ভেজে নিন। সোনালি রঙ হলে নামিয়ে নিন। বিকালের নাশতা বা বাসায় মেহমান এলে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। ওপরে ক্রান্চি আর ভেতরে নরম ব্রিনজাল ফিঙ্গার খেতে সুস্বাদু।

টক বেগুনের চচ্চড়ি
যা যা লাগবে : বেগুন (লম্বা) ২টি, টমেটো ২টি, তেঁতুলের ক্বাথ ১ চা-চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, পানি আধা কাপ ও কাঁচা মরিচ ২-৩টি।
যেভাবে তৈরি করবেন : প্রথমে বেগুনগুলো হাফ রিং করে কেটে নিতে হবে। একটি লম্বা বেগুনকে দুই থেকে তিন টুকরা করে নিন। পানিতে ভিজিয়ে রাখুন ২ মিনিট। এতে বেগুনের কষ থাকবে না। প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নরম হলে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে নাড়তে হবে। সামান্য পানিতে অন্য গুঁড়া মসলা দিয়ে দিন। এবার তেঁতুলের মাড় দিয়ে ভালো করে কষিয়ে বেগুনের টুকরা দিয়ে দিন। কিছুক্ষণ ঢেকে মৃদু আঁচে ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে বেগুন নেড়ে পানি দিন। টমেটো ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন আরও ১০ মিনিট। চচ্চড়ির তেল ওপরে এলে নামিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজার স্বাদের টক বেগুন চচ্চড়ি।
