প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৩:৫৪ পিএম
হলিউডের তারকা অভিনেত্রী মার্গট রবি। একের পর এক ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করে ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রাখেন তিনি। কয়েক বছর ধরেই হলিউডের আলোচিত অভিনেত্রীদের একজন মার্গট রবি। তাকে দেখা গেছে সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’-এ। আবার করেছেন ইতিহাসনির্ভর ‘মেরি কুইন অব স্কটস’, অথবা টোনিয়া হার্ডিংয়ের বায়োপিক ‘আই, টোনিয়া’। তবে গত বছরটি অস্ট্রেলীয় এই অভিনেত্রীর খুব একটা ভালো যায়নি।
ডিসি কমিকসের বেশকিছু সিনেমায় তার অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন। নতুন খবর, আবারও ডিসি কমিকসে ফিরছেন এ অভিনেত্রী। প্রখ্যাত নির্মাতা জেমস গান তার আসন্ন সিনেমা ‘ফর শিওর’-এর কাজ শুরু করবেন। এ সিনেমায় কে অভিনয় করবেন কেন্দ্রীয় চরিত্রে, তা নিয়ে চলছে অনেক জল্পনা।
সম্প্রতি টুইটারে জেমস গানকে এক ভক্ত প্রশ্ন করেন ‘ফর শিওর’ সিনেমায় কে থাকছেন। তিনি উত্তরে বলেন, ‘মার্গট রবি থাকছেন।’
যদিও জেমস গানের সঙ্গে মার্গট রবির সম্পর্ক বেশ পুরোনো। গান পরিচালিত ‘সুইসাইড স্কোয়াড’-এ অভিনয় করেছিলেন রবি। অবশ্য বিভিন্ন সাক্ষাৎকারেও মার্গট রবির প্রশংসা করে জেমস গান জানান, ‘মার্গট রবি একজন প্রশংসিত অভিনেত্রী। সে একজন অসাধারণ কমেডিয়ান ও অ্যাথলেট। তার কোনো ধরনের দম্ভ নেই।’
জেমস গান প্রসঙ্গেও রবি বলেন, ‘জেমস গানের নির্দেশনা ভিন্ন কিছু। তার সঙ্গে কাজ করা সব সময় স্বস্তির।’
আরও পড়ুন: প্রেমের জন্য জেলে কঙ্গনা
গত বছরটি ভালো না কাটলেও ২০২৩ সালে মার্গটের সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। চলতি বছর তার দুটি সিনেমা মুক্তি পাবেÑ‘অ্যাস্টরয়েড সিটি’ ও ‘বার্বি। প্রথমটির পরিচালক ওয়েস অ্যান্ডারসন; রবির সহ-অভিনেতাদের মধ্যে আছেন টম হ্যাংকস, টিলডা সুইনটন, স্টিভ ক্যারল, স্কারলেট জোহানসন, অ্যাডওয়ার্ড নরটনের মতো অভিনেতারা। আর গ্রেটা গারউইগের বার্বিতে আছেন রায়ান গসলিং, সিমু লিউ, উইল ফারেল প্রমুখ।
এদিকে কিছুদিন আগে মার্গট রবি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ব্যাবিলন’-এ করা চরিত্রটি তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং। ড্যামিয়েন শ্যাজেলের সিনেমাটি ছিল গত বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। সিনেমাটিতে ছিলেন মার্গট রবি, ব্র্যাড পিটের মতো তারকা। কিন্তু ছবিটি ব্যবসা করতে পারেনি। তবে সে যা–ই হোক, ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র হওয়ায় সিনেমাটিকে সব সময়ই বিশেষভাবে মনে রাখবেন মার্গট। তিনি বলেন, ‘চরিত্রটি ছিল একটা ঝড়ের মতো, নিজের পাশে যে কাউকে দাঁড়াতে দেয় না। চরিত্রটি আমার খুব পছন্দের, যদিও এটি করতে গিয়ে জান প্রায় বের হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। শারীরিক ও মানসিকভাবে সে আমার সবটা নিংড়ে নিয়েছিল।’