× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৪:৩৫ পিএম

আন্দোলনে অংশ নেওয়ার পর অন্য বিক্ষোভকারীদের সঙ্গে ইমরানকেও কিছু সময়ের জন্য আটক করে পুলিশ। ছবি: নিউ এজ

আন্দোলনে অংশ নেওয়ার পর অন্য বিক্ষোভকারীদের সঙ্গে ইমরানকেও কিছু সময়ের জন্য আটক করে পুলিশ। ছবি: নিউ এজ

ভারতে নির্বাচনি সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অভিনেতা আমির খানের ভাতিজা ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে তার কাছে ভারতের ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে, যার মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত বিদেশিরা দেশটিতে যাতায়াত ও বসবাসের সুযোগ পান। তবে এই কার্ডধারীরা ভারতে ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

বৃহস্পতিবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমরান খান। এ ঘটনায় বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য আইন লঙ্ঘনের অভিযোগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে দেশ ছাড়ার নোটিশ দিয়েছে।

২০০৮ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘জানে তু... ইয়া জানে না’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতা এখন পর্যন্ত নোটিশ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

শিশুশিল্পী হিসেবে ১৯৮৮ সালে ‘কয়ামত সে কয়ামত তক’ এবং ১৯৯২ সালে ‘জো জিতা ওহি সিকান্দার’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন ইমরান। ২০০৮ সালে প্রধান অভিনেতা হিসেবে অভিষেকের পর ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘মেরে ব্রাদার কি দুলহান’ ও ‘দিল্লি বেলি’র মতো ছবিতে অভিনয় করেন তিনি।

দীর্ঘ এক দশকের বেশি সময় বিরতির পর চলতি বছর নেটফ্লিক্সের ‘আধুরে হাম আধুরে তুম’ ছবির মাধ্যমে অভিনয়ে ফেরার কথা রয়েছে তার।

গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান খান। জেন-জি নেতৃত্বাধীন এই আন্দোলনে নির্বাচনি সংস্কার এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হচ্ছে। ভোট জালিয়াতির অভিযোগ তুলে আন্দোলনকারীরা কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। তবে ভারতের নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে।


পুলিশের বিবৃতিতে বলা হয়, “ইমরান খান ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও আন্দোলনে অংশ নিয়েছেন”।

অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা কিরিট সোমাইয়া। তার অভিযোগ, ইমরান ‘ভারতে নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে’ জড়িত।

তবে সোমাইয়ার অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও আন্দোলনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন ইমরান। সাংবাদিকদের তিনি বলেন, “আমার কোনো দাবি নেই। আমি এখানে একজন নাগরিক হিসেবে, এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে এসেছি। আমি দেখতে চাই, কেন মানুষের চলাচলের স্বাধীনতা সীমিত করা হচ্ছে, কেন মানুষের কণ্ঠস্বর দমিয়ে রাখা হচ্ছে”।

তিনি আরও বলেন, কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে তিনি বিক্ষোভে অংশ নেননি।

আন্দোলনে অংশ নেওয়ার পর অন্য বিক্ষোভকারীদের সঙ্গে ইমরানকেও কিছু সময়ের জন্য আটক করে পুলিশ। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুলিশের আটক রাখার গাড়ির ভেতর থেকে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ লাখের বেশি লাইক পায়।

ইমরান খানের ঘটনায় পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে দেশ ছাড়ার নোটিশে উল্লেখ করা আইনি ভিত্তি, কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং অভিনেতার পক্ষ থেকে কোনো জবাব বা আইনি চ্যালেঞ্জ জানানো হয় কি না, তার ওপর। নোটিশের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে কি না, সেটিও সংশ্লিষ্ট বিধান ও মামলার পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা