প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৫:৪৬ পিএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির বিক্ষোভ চলাকালে আটক হওয়ার পর পুলিশ ভ্যানের ভেতর থেকে চিৎকার করছেন আইসা সভানেত্রী নেহা বোরা। ছবি: রয়টার্স
ভারতে ছড়িয়ে পড়া জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ- এমন মন্তব্য করেছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে শিক্ষা নিয়েই দেশটিতে তরুণেরা নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হচ্ছেন বলে মনে করেন তিনি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষ্যে পাঠানো এক সংহতি বার্তায় এ কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। সংগঠনটির ফেসবুক পেজে বার্তাটি প্রকাশ করা হয়।
বার্তায় নেহা বোরা বলেন, “আমরা জানি, ভারতে এখন যে জেন-জি আন্দোলন সর্বত্র দেখা যাচ্ছে, তা প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে”।
বাংলাদেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “মোদি সরকারের বিরুদ্ধে লড়াইরত ভারতের তরুণদের পথ দেখিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা”।
বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনে সফলতার জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন,“আমাদের দেশের তরুণদের পথ দেখানোর জন্য ধন্যবাদ”।
নেহা বোরা বলেন, “বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যে লড়াই করছেন, তা ভারতের জেন-জি ও তরুণদের চলমান সংগ্রামের সঙ্গেও সম্পর্কিত”।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই ছাত্রনেত্রী। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, “ভারতে শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণের বিরুদ্ধে লড়াই চলছে। একইভাবে বাংলাদেশেও মুক্তচিন্তা ও সমালোচনামূলক চিন্তার পরিসর সংকুচিত করে দেওয়ার আশঙ্কা রয়েছে”।
বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে সহযোগিতা ও ঐক্য জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে এই অঞ্চলের মানুষের জন্য আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রসঙ্গত, ভারতের জেন-জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ নেহা বোরা। নাট্যকর্মী ও সমাজকর্মী নেহা বোরা এআইএসএর সভাপতি হিসেবে মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন।