বাড়ি দখলের ভুয়া খবর ও বিভ্রান্তি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দিলারা জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অভিনয়াঙ্গনের বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে তিনি অর্জন করেছেন দর্শকের ভালোবাসা ও সম্মান। তবে এবার অভিনয় নয়, প্রায় দুই দশক আগের একটি ব্যক্তিগত ঘটনা নতুন করে আলোচনায় আসায় বিস্ময় প্রকাশ করেছেন এই গুণী অভিনেত্রী। ঢাকায় তার বাড়ি দখল হয়ে গেছে—এমন খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
পুরোনো ঘটনাকে নতুন বলে প্রচার করায় ক্ষোভও প্রকাশ করেছেন দিলারা জামান। সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে। একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়।’
দিলারা জামান জানান, যে বাড়ি দখলের ঘটনাটি নিয়ে এখন আলোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। প্রায় দুই দশক আগে, ২০০৩-২০০৪ সালের দিকে ঘটনাটি ঘটেছিল। সে সময় ঢাকার শ্যামলী এলাকায় নিজের পৈতৃক বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িটিকে ঘিরেই একপর্যায়ে দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল।
তবে বিষয়টি নিয়ে সে সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে সংশ্লিষ্টদের মধ্যে তৎপরতা দেখা দেয়। পরে সেই দখলের চেষ্টা সফল হয়নি বলেই জানান অভিনেত্রী।
এরপর অবশ্য শ্যামলীর সেই পৈতৃক বাড়িটি বিক্রি করে দেন দিলারা জামান। ২০০৮ সালে পরিবার নিয়ে তিনি চলে যান উত্তরায়। সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে বসবাস শুরু করেন। এরপর থেকে সেখানেই রয়েছে তার স্থায়ী ঠিকানা।
দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গেলেও বয়সের কারণে এখন আর আগের মতো বিদেশ ভ্রমণ করা হয় না বলে জানান এই অভিনেত্রী। অভিনয়ের কাজের পাশাপাশি উত্তরার নিজের ফ্ল্যাটেই এখন সময় কাটছে তার।
এত বছর পর পুরোনো একটি ঘটনাকে নতুন করে সামনে আনা এবং সেটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ায় রীতিমতো হতবাক দিলারা জামান। হঠাৎ করে কীভাবে এমন ‘আজগুবি তথ্য’ আবার আলোচনায় এলো, তা তিনি নিজেও বুঝতে পারছেন না।