প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৭:৫৬ পিএম
মাইকেল রাইট। ছবি: নিউজ উইক
প্রখ্যাত হলিউড অভিনেতা মাইকেল রাইট মারা গেছেন।
তার স্ত্রী সুসান রাইট শুক্রবার রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সুসান লিখেছেন, “গভীর দুঃখ ও অকল্পনীয় ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে জানাচ্ছি আমার প্রিয় স্বামী মাইকেল রাইট আর নেই”।
প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে অসংখ্য সিনেমা ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন মাইকেল রাইট। তবে ১৯৯১ সালে রবার্ট টাউনসেন্ড পরিচালিত মিউজিক্যাল ড্রামা ‘দ্য ফাইভ হার্টবিটর্সে’ সংগ্রামী গায়ক এডি কিং জুনিয়র চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান।
১৯৮৩ সালের ‘স্ট্রিমার্স’ সিনেমায় অভিনয়ের জন্যও মাইকেল রাইট ব্যাপক প্রশংসা পান। সিনেমাটিতে অভিনয়ের সুবাদে ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার ভলপি কাপ পুরস্কার জিতেছিলেন এই অভিনেতা।
তবে অভিনেতার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তার স্ত্রী জানিয়েছেন, পরিবারের মানসিক অবস্থা আরেকটু থিতু হলে মাইকেলের জীবন, কাজ, উত্তরাধিকার এবং তাকে কীভাবে স্মরণ করা হবে- সে বিষয়ে আরও তথ্য জানানো হবে।
পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে পরবর্তী সময়ে তার স্মরণে শেষকৃত্যের বিস্তারিত জানানো হবে।
সুসান রাইট তার পোস্টে আরও লেখেন, “মাইকেল, তোমার কাজ চিরকাল বেঁচে থাকবে, তবে যারা তোমাকে সবচেয়ে ভালোভাবে চিনতেন, তাদের হৃদয়ে তোমার ভালোবাসা আরও দীর্ঘকাল বেঁচে থাকবে”।
মাইকেল রাইটের দীর্ঘ অভিনয়জীবন এবং বিশেষ করে ‘দ্য ফাইভ হার্টবিটস’-এ তার স্মরণীয় অভিনয়, তাকে দর্শকদের কাছে স্থায়ীভাবে পরিচিত করে রেখেছে। ব্যক্তিজীবনে স্ত্রী সুসান, পাঁচ সন্তান এবং নাতি-নাতনিসহ অসংখ্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন এই অভিনেতা।