× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নায়করাজের লক্ষ্মীকুঞ্জে বিরহী সুর

জাহিদ ইকবাল

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৪:৪২ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১৩:২৩ পিএম

প্রতিকৃতি: তানভীর মালেক

প্রতিকৃতি: তানভীর মালেক

কারও কাছে তিনি রুপালি পর্দার অপরাজেয় নায়ক, কারও কাছে রোমান্টিক রাজপুত্র, আবার কারও কাছে বাংলা চলচ্চিত্রের এক চিরন্তন কিংবদন্তি। কিন্তু আবদুর রাজ্জাককে যদি শুধু ‘নায়করাজ’ পরিচয়ে আটকে রাখা হয়, তাহলে তার জীবনের সবচেয়ে কোমল অধ্যায়টি হয়তো আড়ালেই থেকে যায়। পর্দার আলো-ঝলমলে জীবনের বাইরে তিনি ছিলেন একজন নিবেদিত স্বামী, স্নেহশীল বাবা এবং পরিবারকেন্দ্রিক এক মানুষ। তার সেই ব্যক্তিগত জগতের নাম যেন একটিইÑ ‘লক্ষ্মীকুঞ্জ’।

২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান আবদুর রাজ্জাক। দেখতে দেখতে কেটে গেছে ৯ বছর। প্রয়াণবার্ষিকীতে তার চলচ্চিত্রজীবনের সাফল্যের পাশাপাশি বারবার সামনে আসে পরিবারকে ঘিরে তার আবেগ, ভালোবাসা ও জীবনের নানা গল্প। যে মানুষকে কোটি দর্শক পর্দায় ভালোবেসেছেন, তার সবচেয়ে বড় আশ্রয় ছিল নিজের ঘর ও পরিবার।

সংগ্রাম পেরিয়ে ‘নায়করাজ’

‘নায়করাজ’ উপাধিটিও তার জীবনের মতোই এক বিশেষ গল্প। চলচ্চিত্র সাংবাদিকতার কিংবদন্তি আহমদ জামান চৌধুরী, যিনি ‘আজাচৌ’ নামে পরিচিত ছিলেন, রাজ্জাকের অভিনয় ও জনপ্রিয়তার মুগ্ধতায় তাকে প্রথম ‘নায়করাজ’ নামে অভিহিত করেন। সত্তরের দশকে তার লেখায় শব্দটি বারবার উঠে আসতে থাকে। পরে সেটিই হয়ে ওঠে আবদুর রাজ্জাকের স্থায়ী পরিচয়।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার নাকতলায় জন্ম তার। স্কুলের মঞ্চনাটক থেকে অভিনয়ের শুরু। পরে কলকাতা হয়ে বোম্বের ফিল্মালয়া ফিল্ম ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেন। জীবনের গুরুত্বপূর্ণ বাঁক আসে ১৯৬৪ সালে। স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী ও আট মাসের শিশুপুত্র বাপ্পারাজকে সঙ্গে নিয়ে কলকাতা ছেড়ে ঢাকায় আসেন তিনি। নতুন শহরে তখন ছিল না কোনো তারকাখ্যাতি কিংবা নিশ্চয়তাÑ ছিল সংগ্রাম আর অনিশ্চয়তা।

এই কঠিন সময়ে স্বামীর পাশে ছিলেন লক্ষ্মী। ঢাকায় নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্তে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। হতাশার মুহূর্তে রাজ্জাক যখন কলকাতায় ফিরে যাওয়ার কথা ভাবতেন, তখন লক্ষ্মী তাকে সাহস জুগিয়েছেন। ধীরে ধীরে সেই সংগ্রামই পরিণত হয় সাফল্যের গল্পে। ১৯৬২ সালে তাদের বিয়ে হয়েছিল। কৈশোরঘেঁষা সেই দাম্পত্য পরবর্তী সময়ে পেরিয়েছে পাঁচ দশকেরও বেশি পথ।

পর্দার বাইরে সংসারের রাজা

রাজ্জাক যখন ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তার শিখরে উঠছেন, তখন তার সংসারও ভরে উঠছিল সন্তানদের পদচারণায়। বাপ্পারাজ, নাসরিন পাশা শম্পা, বাপ্পি, ময়না ও সম্রাটÑ পাঁচ সন্তানকে ঘিরেই ছিল তাদের পারিবারিক আনন্দ। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও নিজের দক্ষতার প্রমাণ রাখেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি, আজীবন সম্মাননা এবং স্বাধীনতা পুরস্কার তার দীর্ঘ ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন।

তবে এত সাফল্যের মাঝেও সন্তানদের হাসিই ছিল তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বিশেষ করে মেয়ে শম্পার সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর আবেগে ভরা। ছোট্ট মেয়ের জন্য একজোড়া সোনার নূপুর বানিয়ে দিয়েছিলেন তিনি। শম্পা যখন সেই নূপুর পায়ে হেঁটে ঘরময় ঘুরত, টুংটাং শব্দে মুখর হয়ে উঠত পুরো বাড়ি। শুটিংয়ের ব্যস্ততা শেষে সেই নূপুরধ্বনিই হয়ে উঠত বাবার জন্য পরম প্রশান্তির।

কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। ১৯৯৩ সালে অল্প বয়সেই মারা যায় শম্পা। মেয়ের অসুস্থতার খবর পেয়ে শুটিং থেকে ছুটে হাসপাতালে যান রাজ্জাক। বাবাকে শেষবার দেখতে চেয়েছিল শম্পা। রাজ্জাক মেয়েকে বুকে জড়িয়ে ধরার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এই ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। পরিবারের সদস্যরা দেখেছেন, মেয়েকে হারিয়ে নায়করাজ দিনের পর দিন শিশুর মতো কেঁদেছেন।

‘লক্ষ্মীকুঞ্জে’ ভালোবাসার ঠিকানা

সন্তান হারানোর সেই কঠিন সময়ে স্ত্রী লক্ষ্মী হয়ে উঠেছিলেন রাজ্জাকের সবচেয়ে বড় অবলম্বন। নিজের শোক সামলে তিনি স্বামীকে আগলে রেখেছেন। আর রাজ্জাকও স্ত্রীকে জীবনের প্রতিটি অধ্যায়ে ভালোবাসার কেন্দ্রে রেখেছেন। গুলশানের বাড়ির নাম রেখেছিলেন ‘লক্ষ্মীকুঞ্জ’Ñ স্ত্রীর নামেই। বাড়ির পাশাপাশি তার বিভিন্ন উদ্যোগ ও প্রতিষ্ঠানের সঙ্গেও লক্ষ্মীর নাম যুক্ত করেছিলেন।

তারকাখ্যাতির আড়ম্বরের চেয়ে পারিবারিক জীবনই ছিল তার কাছে বেশি আপন। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া, দোলনায় বসে আড্ডা দেওয়া কিংবা ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া ছিল তার পছন্দ। সিনেমার বাইরেও তিনি ছিলেন বইপ্রেমী। বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য তাকে আকৃষ্ট করত। বিদেশে গেলেও পোশাক-আশাকের চেয়ে বইয়ের দোকানে সময় কাটাতেই বেশি আগ্রহী ছিলেন। সন্তানদের মধ্যেও সাহিত্যপ্রেম তৈরি করেছিলেন।

স্ত্রীর প্রতি তার ভালোবাসার ছোট্ট একটি ঘটনাও যেন পুরো মানুষটিকে নতুন করে চেনায়। এফডিসিতে শুটিংয়ের সময় শাবানার জন্য দেখা একটি শাড়ি রাজ্জাকের পছন্দ হয়েছিল। কিন্তু সেটি নিজের জন্য নয়, ঘরের ‘লক্ষ্মী’র জন্য। নকশা ও দোকানের খোঁজ নিয়ে পরে একই ডিজাইনের শাড়ি কিনে দিয়েছিলেন স্ত্রীকে।

নায়ক থেকে নিঃশব্দ মানবিক মানুষ

রাজ্জাকের জীবন শুধু চলচ্চিত্রের সাফল্যে সীমাবদ্ধ ছিল না। ধর্মীয় অনুরাগ, বাগান করা, পোষা কুকুরের সঙ্গে সময় কাটানো কিংবা মাছ ধরার মতো সাধারণ শখেও তিনি আনন্দ খুঁজে নিতেন। ১৯৮৩ সালে হজ পালন করেন। গুলশান সোসাইটি মসজিদ প্রতিষ্ঠাতেও তার অবদান ছিল। পাশাপাশি বহু দুস্থ শিল্পী ও কলাকুশলীকে নীরবে সহযোগিতা করেছেন এবং তরুণ নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন।

২০১৭ সালের ২১ আগস্ট তার জীবনাবসানের মধ্য দিয়ে থেমে যায় এক কিংবদন্তির পথচলা। কিন্তু থামেনি তার স্মৃতি। চলচ্চিত্রে তার অভিনয়, সংলাপ ও চরিত্রগুলো আজও দর্শকের মনে জীবন্ত। আর ‘লক্ষ্মীকুঞ্জ’ মনে করিয়ে দেয় পর্দার আড়ালের সেই মানুষটিকেÑ যিনি কোটি মানুষের নায়ক হলেও নিজের পরিবারের কাছে ছিলেন কেবল একজন স্বামী ও বাবা।

সেলুলয়েডের আলো একদিন নিভে যায়, কিন্তু ভালোবাসার গল্পের কোনো শেষ দৃশ্য থাকে না। তাই নয় বছর পরও নায়করাজকে স্মরণ করলে কোথাও যেন ভেসে আসে ছোট্ট শম্পার সোনার নূপুরের সেই মায়াবী শব্দÑ ঝুমুর, ঝুমুর, ঝুমুর। সেই শব্দের কাছে সব খেতাব, সব সাফল্য আর সব তারকাখ্যাতি যেন ম্লান হয়ে যায়। সেখানে আবদুর রাজ্জাক শুধু নায়করাজ ননÑ তিনি একজন স্নেহময় বাবা, নিবেদিত স্বামী এবং অসাধারণ এক মানবিক মানুষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা