× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিলেন হতে চান পূর্ণিমা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৫:৫০ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৬:০০ পিএম

দিলারা হানিফ পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা

বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে পূর্ণিমা শুধু একজন নায়িকা নন- সৌন্দর্য, মাধুর্য আর পর্দাজুড়ে নির্মল প্রেমের এক প্রতীক তিনি। প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের শেষভাগ থেকে শুরু করে দুই হাজারের দশকে রোমান্টিক চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য মুখ ছিলেন তিনি।

পরিপাটি উপস্থিতি, সাবলীল অভিনয় আর পর্দায় অনবদ্য রসায়নের কারণে আজও তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সমানভাবে সমাদৃত। তবে এবার সেই পরিচিত ইমেজের বাইরে গিয়ে একেবারে ভিন্ন রূপে নিজেকে দেখতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের অভিনয়জীবন, দীর্ঘ পথচলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে পূর্ণিমা জানালেন, এত বছরের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও কখনও নেগেটিভ বা ভিলেনধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। আর সেই আক্ষেপ থেকেই এবার এমন একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করার ইচ্ছার কথা প্রকাশ করেছেন, যা দর্শকদের কাছে তাকে সম্পূর্ণ নতুনভাবে তুলে ধরবে।

পূর্ণিমা বলেন, ‘সবাই আমাকে রোমান্টিক লুক, সুন্দরী নায়িকা আর পরিপাটি ইমেজে দেখে অভ্যস্ত। কিন্তু এখন আমাকে এর একেবারে বিপরীত কোনো চরিত্রে দেখলে খুব ভালো হয়। আমার খুব ইচ্ছা নেগেটিভ চরিত্র, ভিলেন টাইপের চরিত্রে অভিনয় করতে। সিনেমা দেখে যেন মানুষ চরিত্রটিকে ঘৃণা করে। অথচ আমাকে নিয়ে এমন চরিত্রের কথা আজ পর্যন্ত কেউ ভাবেনি।’

বাংলাদেশের চলচ্চিত্রে পূর্ণিমার নাম উচ্চারিত হয় সফলতা, জনপ্রিয়তা এবং দর্শকপ্রিয়তার সঙ্গে। মাত্র ১৫ বছর বয়সে অভিনয়ে জগতে পা রাখেন তিনি। ১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

শুধু দর্শকপ্রিয়তাই নয়, অভিনয়ের স্বীকৃতিও পেয়েছেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের এই অর্জন তার অভিনয় দক্ষতারই স্বীকৃতি।

বর্তমানে আগের মতো নিয়মিত চলচ্চিত্রে দেখা না গেলেও অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেননি পূর্ণিমা। বরং সময় নিয়ে গল্প ও চরিত্র বেছে কাজ করতে চান তিনি। তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় দর্শকদের সামনে হাজির হন তিনি।

এরই মধ্যে নতুন কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাবও পেয়েছেন বলে জানিয়েছেন পূর্ণিমা। তবে শুধু উপস্থিতির জন্য নয়, এমন একটি গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন, যা তার অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করবে। সেই তালিকার শীর্ষেই রয়েছে একটি শক্তিশালী নেগেটিভ চরিত্র।

দীর্ঘদিন ধরে যে অভিনেত্রী দর্শকদের ভালোবাসা, মায়া আর রোমান্সের প্রতীক হয়ে আছেন, তিনি যদি সত্যিই একদিন ভয়ংকর বা ঘৃণিত কোনো চরিত্রে পর্দায় হাজির হন, তবে সেটি নিঃসন্দেহে হবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চমক। আর পূর্ণিমাও যেন সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্যই এখন প্রস্তুত।

বিনোদন থেকে আরও পড়ুন...

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা