মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা, উর্দু, হিন্দিসহ একাধিক ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে তিনি কোটি শ্রোতার হৃদয়ে আলাদা জায়গা গড়ে নিয়েছেন। কণ্ঠের মাধুর্য, গায়কির স্বাতন্ত্র্য এবং মঞ্চে প্রাণবন্ত উপস্থিতি তাকে শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশেরও অন্যতম জনপ্রিয় শিল্পীতে পরিণত করেছে। প্রজন্মের পর প্রজন্ম তার গান গেয়ে, শুনে এবং ভালোবেসে বড় হয়েছে। আধুনিক গান, চলচ্চিত্রের প্লেব্যাক কিংবা গজলÑ সব ক্ষেত্রেই তার অনন্য অবদান সংগীত জগতে তাকে দিয়েছে কিংবদন্তির মর্যাদা। আজও নতুন-পুরনো শ্রোতাদের কাছে সমানভাবে প্রিয় এই শিল্পী আবারও মঞ্চে ফিরছেন এক বিশেষ আয়োজন নিয়ে।
আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে রুনা লায়লার একক গানের অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ।
পারিবারিক প্রয়োজনে এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন এই বিশেষ একক সংগীতানুষ্ঠানের প্রস্তুতিতে। দীর্ঘ সংগীত জীবনের স্মরণীয় গানগুলো নতুনভাবে শ্রোতাদের সামনে তুলে ধরতেই চলছে তার মহড়া।
জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার গাওয়া প্রায় ১০টি জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন। ছয় দশকের দীর্ঘ সংগীত জীবনে বিভিন্ন সময়ে প্রকাশিত এবং শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেওয়া গানগুলোই থাকবে এই পরিবেশনায়। ফলে এক সন্ধ্যাতেই দর্শক-শ্রোতারা পাবেন তার সংগীত জীবনের নানা সময়ের সেরা সৃষ্টির স্বাদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত বছর থেকে দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে ধারাবাহিকভাবে একক গানের আয়োজন করে আসছে। এই উদ্যোগের অংশ হিসেবে এর আগে বিশেষ একক অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। সেই ধারাবাহিকতায় এবার মঞ্চে উঠবেন রুনা লায়লা।
আসন্ন আয়োজন প্রসঙ্গে রুনা লায়লা গণমাধ্যমকে বলেন, “আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীত জীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।”
এদিকে এই আয়োজনের পর বিশ্রামের খুব বেশি সুযোগ পাচ্ছেন না কিংবদন্তি এই শিল্পী। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তার অস্ট্রেলিয়া সফরের সূচি রয়েছে। সেখানে একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাঙালি এবং বিদেশি শ্রোতাদের সামনে পরিবেশন করবেন তার জনপ্রিয় গান।
দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতা, অসংখ্য কালজয়ী সৃষ্টি এবং এখনও একই উদ্দীপনায় মঞ্চে ফেরার প্রস্তুতিÑ সব মিলিয়ে ১৮ জুলাইয়ের এই একক গানের অনুষ্ঠানটি রুনা লায়লার ভক্ত-শ্রোতাদের জন্য হতে যাচ্ছে বিশেষ এক সংগীত সন্ধ্যা।