মেহজাবীন চৌধুরী
ছোট পর্দা থেকে ওটিটি কিংবা সিনেমা সবখানেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে দর্শকদের প্রিয় তারকা হয়ে উঠেছেন মেহজাবীন চৌধুরী। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি রুচিশীল ফ্যাশন ও ব্যক্তিত্বের কারণেও তরুণদের কাছে তিনি স্টাইল আইকন। অভিনয়ের পাশাপাশি দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গেও নিয়মিত যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী। এবার সেই পথচলায় যোগ হলো নতুন আরেকটি অধ্যায়।
২০২৪ সালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে মেহজাবীন চৌধুরীর হাত ধরেই যাত্রা শুরু হয়েছিল দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘ওসান লাইফস্টাইল’-এর। ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর সানজিদা আলম। ক্রেতাদের ব্যাপক সাড়ার পর এবার রাজধানীর মিরপুর-১০-এর আগোরা বিল্ডিংয়ে উদ্বোধন করা হয়েছে ওসানের দ্বিতীয় শোরুম। গত শুক্রবার সন্ধ্যায় নতুন এই শোরুমের উদ্বোধন করেন মেহজাবীন। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সানজিদা আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মেহজাবীন বলেন, “শুরুতেই ধন্যবাদ জানাই সানজিদা আপুকে আমাকে ওসানের সঙ্গে যুক্ত রাখার জন্য। খুব অল্প সময়ের মধ্যেই ওসান ক্রেতাদের কাছে জনপ্রিয় একটি ব্র্যান্ড হয়ে উঠেছে। এখানে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের এক্সেসরিজ পাওয়া যায়। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে ওসান আরও বড় পরিসরে সবার ভালোবাসার ব্র্যান্ড হয়ে উঠবে।”
তবে ফ্যাশনের এই আয়োজনেই ভক্তদের জন্য নতুন সুখবরও দেন মেহজাবীন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার নতুন একটি সিনেমার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে। এখনই বিস্তারিত জানাতে না চাইলেও তিনি বলেন, দর্শকদের জন্য এতে বিশেষ চমক অপেক্ষা করছে।
সাম্প্রতিক সময়ে অভিনয় নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন মেহজাবীন। নাটক ও ওটিটির পাশাপাশি বড় পর্দাতেও নিজের অবস্থান আরও শক্ত করছেন তিনি। ভিন্নধর্মী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেওয়ার প্রবণতার কারণে নির্মাতাদের কাছেও তিনি এখন অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী। তার সাম্প্রতিক কাজগুলো দর্শক ও সমালোচকÑ দুই মহল থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে। নতুন সিনেমার খবরও তাই ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
মিরপুরে দ্বিতীয় শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে ওসান লাইফস্টাইলের পথচলায় যুক্ত হলো নতুন মাইলফলক। আর সেই আয়োজনে উপস্থিত থেকে মেহজাবীনও যেন জানিয়ে দিলেন, অভিনয় আর ফ্যাশনÑ দুই অঙ্গনেই সামনে অপেক্ষা করছে তার আরও অনেক নতুন অধ্যায়।