× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহের ওটিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহের মতো এবারও ওটিটি প্লাটফর্মগুলো হাজির হয়েছে নতুন সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারির সমাহার নিয়ে। বাংলা, হিন্দি, তেলেগু ও ইংরেজি ভাষার একাধিক প্রতীক্ষিত নির্মাণ ইতোমধ্যে মুক্তি পেয়েছে জনপ্রিয় বিভিন্ন প্লাটফর্মে। এক নজরে দেখে নেওয়া যাক সপ্তাহের উল্লেখযোগ্য কয়েকটি ওটিটি কনটেন্ট।

হইচই-এ বাংলা সিরিজ ‘ছদ্মবেশী’ মুক্তি পেয়েছে ১০ জুলাই। সিরিজটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও পায়েল সরকার। গল্পের কেন্দ্রে রয়েছেন প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী চৌধুরী, যিনি বুঝতে পারেন তার আপনজনদের মধ্যেই কেউ তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। রহস্যের জট খুলতে তদন্তে নামে খ্যাপাটে গোয়েন্দা আদিত্য মজুমদার। এক অভিজাত পরিবারের আড়ালে লুকিয়ে থাকা লোভ, পরকীয়া ও বিশ্বাসঘাতকতার মুখোশ উন্মোচনের মধ্য দিয়েই এগিয়ে যায় কাহিনী।

৯ জুলাই নেটফ্লিক্সে এসেছে তেলেগু সিনেমা ‘পেড্ডি’। রামচরণ, জাহ্নবী কাপুর ও রজতাভ দত্ত অভিনীত ছবিটি আশির দশকের এক সাধারণ দিনমজুরের অসাধারণ হয়ে ওঠার গল্প। নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পেড্ডি জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদে পরিণত হয়। শুধু নিজের স্বপ্ন নয়, গ্রামের মানুষের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার লড়াইটাও তার জীবনের বড় লক্ষ্য হয়ে ওঠে।

১০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি কমেডি-ড্রামা ‘পতি পত্নী অউর ওহ দো’। এতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি, সারা আলি খান ও রাকুল প্রীত সিং। সুখী দাম্পত্য জীবন কাটাতে থাকা বন কর্মকর্তা প্রজাপতি পাণ্ডে হঠাৎ করেই পুরনো এক বন্ধুর কারণে জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। তিন নারীর টানাপড়েনের পাশাপাশি একটি হিংস্র নেকড়ে ধরার দায়িত্ব তার জীবনে নতুন নাটকীয়তা তৈরি করে।

ফুটবলপ্রেমীদের জন্য ১০ জুলাই জিও হটস্টারে এসেছে ডকুমেন্টারি সিরিজ ‘ল্যান্ড অব ফুটবল’। হাসিফ হাকিম পরিচালিত এই নির্মাণে কেরালার মানুষের ফুটবলপ্রীতি, স্থানীয় টুর্নামেন্ট, বিশ্বকাপ উন্মাদনা এবং ফুটবল কীভাবে সেখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তা তুলে ধরা হয়েছে।

একই দিনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘লিটল হাউস অন দ্য প্রেইরি’। মার্কিন গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে উন্নত জীবনের আশায় নতুন বসতি গড়া ইঙ্গলস পরিবারের সংগ্রাম, আশা-নিরাশা ও পারিবারিক বন্ধনের গল্প উঠে এসেছে আট বছর বয়সী লরার চোখে।

এ ছাড়া ১০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আদালতকেন্দ্রিক থ্রিলার ‘ইক্কা’। সানি দেওল, অক্ষয় খান্না ও দিয়া মির্জা অভিনীত ছবিতে দেখা যাবে নীতিবান আইনজীবী অর্জুন মেহরাকে, যিনি পরিবারের একজনকে বাঁচাতে বাধ্য হন নিজের পুরনো প্রতিদ্বন্দ্বীর পক্ষে আদালতে দাঁড়াতে। নৈতিকতা, প্রতিশোধ ও পারিবারিক দায়বদ্ধতার টানাপড়েন ঘিরে এগিয়ে যায় ছবির গল্প।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা