প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
নতুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮২৬ কোটি টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ। এর মধ্যে পরিচালন ব্যয় ৪৮৫ কোটি এবং উন্নয়ন ব্যয় রয়েছে ৩৪১ কোটি টাকা।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সংস্কৃতি খাতের জন্য ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ বাজেট বরাদ্দ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এই খাতে বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে।
তুলনামূলক বিচারে সংস্কৃতি খাতের এবারের এ প্রস্তাবিত বাজেটে গত অর্থবছর (২০২৫-২৬ অর্থবছর) বাজেটের চেয়ে ২ কোটি টাকা বাড়ানো হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৮২৪ কোটি টাকা। সংশোধিত বাজেট ছিল ৭৫৩ কোটি টাকা।
যদিও দেশের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশের জন্য ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে ন্যূনতম ২ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছিল সাংস্কৃতিক কর্মীরা। দেশের সাংস্কৃতিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের কথা তুলে এই দাবি জানানো হয়।
তবে অর্থমন্ত্রী ভাষ্যমতে, সরকার এবারের বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতির ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছে। ক্রিয়েটিভ শিল্পের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণে কার্যক্রম নেওয়া হয়েছে। যা সংস্কৃতি খাতকে আরও সমৃদ্ধ করবে।
এছাড়া অর্থমন্ত্রী বলেছেন, “ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত সঙ্গীতের মানোন্নয়ন ও ক্রিয়েটিভ মিউজিক তৈরিতে সহায়তার জন্য প্রয়োজনীয় মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট যেমন : গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি এবং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি”।
ফলে দাম কমবে গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি এবং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, উচ্চপ্রযুক্তির সিনেম্যাটোগ্রাফি ক্যামেরা এবং ক্যামেরা ও প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশের।