জবি ছাত্রীর আত্মহনন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ০১:৫৯ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪ ১৬:১৫ পিএম
জবি ক্যাম্পাসের মূল ফটকে ভিসিকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রবা ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও সহপাঠীর বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ পোস্ট করে এক ছাত্রী আত্মহত্যা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে অবরুদ্ধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৫ মার্চ) রাত ১টা ২০ মিনিটে ক্যাম্পাসে এলে তাকে মূল ফটকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্তদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। ১০ মিনিট অবরুদ্ধ রাখার পর ১টা ৩০ মিনিটের দিকে উপাচার্যকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত, সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় একটা আইন অনুযায়ী চলে। সে আইন অনুযায়ী অভিযুক্ত সহকারী প্রক্টরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাকে স্থায়ী বরখাস্ত করা হবে। তদন্ত ছাড়া আমরা আইনের বাইরে গিয়ে এটা করতে পারি না। আমার হাতে যা আইন আছে, সে অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে ফাঁস দিলেন জবি ছাত্রী
তিনি আরও বলেন, ‘আমি এ যৌন হয়রানির যে অভিযোগ বা রিপোর্ট, তার ব্যাপারে জানতাম না। জানলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম। আমি শোনামাত্রই বর্তমান প্রক্টরকে নির্দেশ দিয়েছি। আসন্ন সিন্ডিকেটে যতগুলো যৌন হয়রানির অভিযোগ আছে, সব নিষ্পত্তি করা হবে। বিশ্ববিদ্যালয় একটা আইনে চলে। আইনের সব ধারা-উপধারা ব্যবহার করে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
শুক্রবার রাত ১০টার দিকে জবির আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা ফেসবুকে শিক্ষক ও সহপাঠীকে দায়ী করে পোস্ট দেন। এর কিছুক্ষণ পরই কুমিল্লার নিজ বাড়িতে গলায় ফাঁস নেন ওই ছাত্রী। আত্মীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থী পোস্ট করা সুইসাইড নোটে সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে হয়রানি, হুমকিসহ নানা অভিযোগ তুলেছেন। আর সহকারী প্রক্টর দ্বীন ইসলামের বিরুদ্ধে অফিসে ডেকে নিয়ে হয়রানি ও মানহানির অভিযোগ তুলেছেন। তা ছাড়া ‘সেক্সুয়ালি অ্যাবিউজিভ কমেন্ট’ করার অভিযোগ তুলেছেন ওই ছাত্রী।
আরও পড়ুন: অভিযুক্ত সহপাঠীকে বহিষ্কার ও গ্রেপ্তারের নির্দেশনা