পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩৩ মিনিট আগে
আপডেট : ২৯ মিনিট আগে
পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল কাফি ও সহসভাপতি আবুবকর সিদ্দিক রাফি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান এবং অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও নিরাপদ আমিষের চাহিদা পূরণে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা কেবল একটি ডিগ্রি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওনি। বরং গ্রামীণ অর্থনীতি ও জনস্বাস্থ্যের সুরক্ষায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় মনোনিবেশ এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নবীনদের নিয়মশৃঙ্খলা মেনে চলারও পরামর্শ দেন উপাচার্য।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়।