× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাককানইবিতে নতুন ৩টি ভাষা শিক্ষার ব্যবস্থা চালুর উদ্যোগ

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ : ১১ মিনিট আগে

আপডেট : ৭ মিনিট আগে

জাককানইবিতে নতুন ৩টি ভাষা শিক্ষার ব্যবস্থা চালুর উদ্যোগ

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উচ্চশিক্ষার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক জোরদারের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘Idea Sharing on Academia-Industry Collaboration’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। চাকরির ক্ষেত্রে একজন প্রার্থীর যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পপ্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের সিভি যাচাইয়ের পর সীমিতসংখ্যক প্রার্থীকে পরীক্ষার জন্য বাছাই করে। সেখানে দেখা হয়, একজন প্রার্থী প্রতিষ্ঠানের জন্য কী অবদান রাখতে পারবেন। যার যোগাযোগ দক্ষতা যত ভালো, তার এগিয়ে যাওয়ার সুযোগও তত বেশি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, সবার আগে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করতে হবে। এ সময় তিনি ত্রিশালে জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি আয়োজনসহ এলাকার উন্নয়নসংক্রান্ত কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন।

সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, সরকারের প্রত্যাশা হলো শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী হবে না, বরং উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন সরকারের নির্বাচনী ইশতেহারেরও অংশ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, আগামী বছরের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চীনা, কোরীয় ও আরবি ভাষা শিক্ষার ব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে পাঠদান ও প্রশিক্ষণ আয়োজন এবং জব ফেয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। এ সেমিনারের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে আগ্রহ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে তিনটি বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা চালুর মাধ্যমে আশপাশের বেকার জনগোষ্ঠীকেও দক্ষ জনশক্তিতে রূপান্তরের সুযোগ তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিষয় চালুর ক্ষেত্রেও ইউজিসির সহযোগিতা নেওয়া হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত এ সেমিনারে ২০টি শিল্পপ্রতিষ্ঠান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তাঁদের মধ্যে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, বাদশা গ্রুপ, থার্ড আই, মেঘনা গ্রুপ, রানার অটোমোবাইলস, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক ও কনজ্যুমার নিটেক্স লিমিটেডের প্রতিনিধিরা শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরাও তাঁদের প্রত্যাশা ও বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, বিভিন্ন বিভাগের ও দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা