খুবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০০ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রায় সাত বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ে বসতে চলেছে সমাবর্তনের আসর। আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সোমবার সাক্ষাৎকালে এ সম্মতি দেন তিনি।
এর আগে ২০১৯ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন। ফলে সপ্তম সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তনীদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বৈঠকে সপ্তম সমাবর্তন আয়োজনের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে সুন্দরবন, উপকূল, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকট, শ্রেণিকক্ষের অপ্রতুলতা এবং মাঠ গবেষণাগারের সীমাবদ্ধতার বিষয়ও রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন উপাচার্য।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে গবেষণার বিস্তৃত সুযোগ রয়েছে”।
শেষ করে সুন্দরবন, লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ নিয়ে প্রায়োগিক গবেষণায় বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব গবেষণার ফল দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে কাজে লাগানো সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, “গবেষণায় উৎকর্ষ অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গবেষণাভিত্তিক নীতি-পরামর্শ প্রতিষ্ঠানে পরিণত হতে পারে”। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তিনি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তার বিভিন্ন স্মৃতির কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করেন এবং সপ্তম সমাবর্তন আয়োজনের জন্য শুভকামনা জানান। এ আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
২০১৯ সালের ষষ্ঠ সমাবর্তনের পর দীর্ঘ বিরতিতে অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তম সমাবর্তনকে তাই বিশ্ববিদ্যালয়ের এক গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।