× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিন্নাহর ছবি প্রদর্শন সমর্থন করছে না ঢাবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৬ পিএম

ছবি প্রদর্শনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ছবি: বিবিসি

ছবি প্রদর্শনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। ছবি: বিবিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনসহ ডাকসুর সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

কর্তৃপক্ষ এসব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। 

প্রশাসন জানিয়েছে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস  করা হবে না। এসব ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটি গঠন করেছে। তদন্তসাপেক্ষে ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর বাইরে গিয়ে ডাকসুর কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ‘দ্বৈত প্রশাসন’-এর সুযোগ নেই এবং পৃথক প্রশাসনিক ব্যবস্থা কিংবা সমান্তরাল কোনো কাঠামো চালুর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করে প্রশাসন।

তদন্ত কমিটি গঠন 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি রাখার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আরও দুটি বিষয়ে তদন্ত করা হবে ডাকসুর বিরুদ্ধে। সেগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু এবং অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপন।

যা বলছে ঢাবি প্রশাসন 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ‘ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্স অ্যান্ড রেগুলেশনস’-এর চতুর্দশ অধ্যায়ের ৪ নম্বর ধারার নোট অনুযায়ী, ছাত্রসংসদ যেকোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা সাপেক্ষে গ্রহণ করবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের ছবি প্রদর্শনকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে কলা ভবনসংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালুর বিষয়ে আপত্তি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েবসাইটটিতে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

প্রশাসন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি তদারকি ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিন্ডিকেটের ওপর ন্যস্ত। ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা, সম্পত্তি বা প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিয়ে ডাকসু এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বলেছে, প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করলে তা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচিত হবে।

জিন্নাহর ছবি ভাঙচুর

এর আগে সোমবার দুপুরে ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর ছবির ফ্রেম ভেঙে ছবি ছিঁড়ে ফেলেন ডাকসু নির্বাচনের সাবেক ভিপি প্রার্থী আবু তৈয়ব হাবিলদার। তিনি সংগ্রহশালায় এ ছবিটি প্রদর্শনের প্রতিবাদ করেন। তার দাবি, ১৯৪৮ সালে জিন্নাহর বাংলা ভাষাবিরোধী অবস্থানের কারণে ডাকসু সংগ্রহশালায় তার ছবি রাখা উচিত নয়। আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী। সর্বশেষ ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ছবি ভাঙচুরের পর একই স্থানে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আজমকে জুতাপেটার ঘটনার একটি ছবি টাঙানো হয়। সোমবার বিকেলে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী ছবিটি টাঙান।

এদিকে এদিন জিন্নাহর ছবি অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ডাকসু সংগ্রহশালা ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট। সেখানে বিতর্কিত ব্যক্তিদের ছবি রাখা ‘নৈতিকভাবে ভুল’ ও ‘ধৃষ্টতাপূর্ণ’। নির্ধারিত সময়ের মধ্যে ছবি অপসারণ না হলে উপাচার্যের কার্যালয় ও ডাকসু সংগ্রহশালায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। 

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জিন্নাহর ছবি কীভাবে ডাকসু সংগ্রহশালায় স্থান পেল, সে বিষয়ে ডাকসুর ব্যাখ্যা দেওয়া উচিত। পাশাপাশি ছবি অপসারণ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ডাকসু নেতাদের বক্তব্য  

এদিকে ডাকসুর জিএস এস এম ফরহাদ দাবি করেছেন, ‘জিন্নাহকে গৌরবান্বিত করার উদ্দেশ্যে ছবিটি প্রদর্শন করা হয়নি। বরং বাংলা ভাষার বিরুদ্ধে তাঁর অবস্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতেই ছবিটি রাখা হয়েছিল।’

সোমবার বিকেলে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের ফরহাদ বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন হঠাৎ করে হয়নি। এর আগে একাধিক ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল। জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে বক্তব্য দিয়েছিলেন।’

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ভাঙচুর করা প্রথম ছবিটি জিন্নাহর একক ছবি নয়; এটি ১৯৭০ সালের পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচনের সময়কার একটি সংবাদপত্রের কাটিং। অন্য ছবিটি ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের সময়কার, যেখানে শেরে বাংলা এ কে ফজলুল হকের সঙ্গে জিন্নাহ ছিলেন।

ছাত্রদলের প্রতিবাদ বিবৃতি  

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘মধুর ক্যান্টিনের নাম পরিবর্তন করে ‘ইশরাত মজলিস’ করার ঘৃণ্য অপচেষ্টা থেকে শুরু করে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি স্থাপন, এসব ধারাবাহিক কর্মকাণ্ড প্রমাণ করে যে, শিবির নিয়ন্ত্রিত ডাকসুর এই পরিষদ শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনাকে বিসর্জন দিয়ে ১৯৭১ সালের পরাজিত শক্তির প্রতি তাদের প্রচ্ছন্ন অনুরাগ ও ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে।’ 

ছাত্র ইউনিয়নের প্রতিবাদ  

ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন এবং শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি জানিয়েছে, এ ঘটনা ইতিহাস বিকৃতির প্রচেষ্টা। 

সোমবার ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর দেওয়া এ যৌথ বিবৃতিতে জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা