জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: বিশাল নন্দী
রাষ্ট্রবিরোধী গোপন ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ১০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাহিদ আহমদকে আহ্বায়ক, আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাহির হোসেনকে সদস্য, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী মোহাম্মদ মোজাম্মেল-উল-আহসানকে সদস্য এবং রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) মোহাম্মদ আব্দুল মান্নানকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আদেশে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র উল্লেখ করে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই এবং তদন্ত করে প্রতিবেদন প্রস্তুত করবে কমিটি।
এ ছাড়া, কমিটিকে আগামী ১০ আগস্টের মধ্যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষকদের চিহ্নিত করে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে দাখিল করতে বলা হয়েছে।
একই সঙ্গে, ওই গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হামলায় কোনো ভূমিকা ছিল কি না, সে বিষয়েও অনুসন্ধান করে মতামত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, উপাচার্যের নির্দেশক্রমে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদদীন বলেন, “এসব অভিযোগ গুরুতর হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে”।