× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমকামী ইস্যুতে ঢাবিতে উত্তেজনা

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:০৫ পিএম

সমকামী ইস্যুতে ঢাবিতে রবিবার উত্তেজনা সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমকামী ইস্যুতে ঢাবিতে রবিবার উত্তেজনা সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহিদুল্লাহ হল সংসদের এজিএস ও শিবিরকর্মী ইব্রাহিম খলিলের কক্ষ থেকে দুই বহিরাগত সমকামীকে আটকের ঘটনায় মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। 

হল প্রাঙ্গণে রবিবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে শিবির। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন বিকেলে হল থেকে সমকামীকে আটক ইস্যুতে শহিদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলকে ডেকে নেয় হল প্রশাসন। এ সময় হল ছাত্রদলের সদস্য সচিব মো. জুনায়েদ আবরারের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত হয়ে ইব্রাহিম খলিলের সিট বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। 

পরবর্তীতে সেখানে উপস্থিত শিবির নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেওয়া শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে দু পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এর আগে, শনিবার সন্ধ্যায় শহিদুল্লাহ হল সংসদের এজিএসের রুমে ২ বহিরাগত সমকামীকে আটকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ২৭ জুলাই রাতে শহীদুল্লাহ হলের একটি কক্ষে ঘটনাটি ঘটে। পরে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দুই ব্যক্তিকে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন কাজ আর হবে না বলে বলতে শোনা যায়। 

অভিযোগের বিষয়ে হল সংসদের এজিএস ইব্রাহিম খলিল জানান, তার মায়ের মামাতো ভাই চিকিৎসার জন্য ঢাকায় এসে তিনি কিছু সময় বিশ্রামের উদ্দেশ্যে তার কক্ষ ব্যবহারের অনুমতি চান। তার সঙ্গে আরও একজন ছিলেন। ঘটনার সময় তিনি হলে ছিলেন না; ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে মাওয়া গিয়েছিলেন। পরে ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পারেন। তিনি দাবি করেন, আগে বিষয়টি জানলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন। এখন ঘটনাটি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলার বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ

শহিদুল্লাহ হল সংসদের জিএস তৌকির হাসান বলেন, হলের এজিএসের কক্ষে আসা গেস্টদের  ভিডিও আরও ৫ দিন আগে করা হয়। কিন্তু তখন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের তখন ছেড়ে দেওয়া হয়। হল প্রভোস্ট ছাত্রদলের চাপে পড়ে কোনো আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই এজিএস-এর সিট বাতিল করেছেন। পরবর্তীতে তারা প্রভোস্ট অফিসে প্রবেশ করে আমাদের ওপর হামলা চালায়। 

তিনি বলেন, “রবিবার আমরা যখন তদন্ত কমিটির ডাকে প্রভোস্ট অফিসে আসি, ছাত্রদল যখন আমাদের ওপর হামলা করে তখন আমাদের এক সহকারী প্রক্টর বলেন যে, তারা রাগের মাথায় হামলা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এমন বক্তব্য হতাশাজনক।” 

শহিদুল্লাহ হল ছাত্রদলের সদস্য সচিব মো. জুনায়েদ আবরার বলেন, “আমরা সমকামীদের আশ্রয় দেওয়ায় অভিযুক্ত হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের সিট বাতিলের দাবিতে প্রভোস্ট অফিসে আসি। তখন সেখানে উপস্থিত শিবির নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের কয়েকজনকে আহত করে।”

শিবিরের বিক্ষোভ

এদিকে প্রভোস্ট অফিসে হামলার অভিযোগে রবিবার সন্ধ্যায় ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিবির। এ সময় ঢাবি শিবিরের সভাপতি মু. মহিউদ্দিন খান বলেন, “আমরা সবসময় নিয়মতান্ত্রিকভাবে ছাত্রদলের হামলার প্রতিবাদ করেছি। কিন্তু তারা দফায় দফায় হল সংসদের ওপর হামলা করেছে। এ সময় তিনি প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন এবং আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।” 

যা বলছে প্রশাসন

এ বিষয়ে ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের হাউস টিউটর ড. মো. আনোয়ার হোসাইন ভূইয়া বলেন, “আমরা ভিতরে তদন্ত কমিটির বিষয়ে কথা বলছিলাম। তখন বাইরে কী একটা বিষয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে আমরা তাদের দুপক্ষকে বুঝিয়ে ঠান্ডা করি এবং পরিস্থিতি স্বাভাবিক করি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, “হল প্রশাসনের তদন্ত মিটিংয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল, এটা এখন প্রশমিত এবং হাতাহাতির বিষয়ে তদন্ত চলছে। ঘটনার পরপরই সেখানে প্রক্টরিয়াল টিমের লোক পাঠিয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত করবো।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা