পরীক্ষার হলে প্রবেশ করছে শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কার হয়েছে ১৭ জন শিক্ষার্থী। এ ছাড়া অনুপস্থিত ছিল ২৭ হাজার ৩২৭।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে (সকাল শিফট) শনিবার এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নয় বোর্ডের ১ হাজার ৬২০ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮ লাখ ৬০ হাজার ৭৬৪। তাদের মধ্যে দ্বিতীয় দিন অর্থ্যৎ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিয়েছে ৮৪ লাখ ১ হাজার ১২৫ জন।
সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল বরিশাল বোর্ডে। নয় বোর্ডে গড় অনুপস্থিতির হার ২.২৮ শতাংশ।
এছাড়া মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ৭ হাজার ৬৮৮ শিক্ষার্থী।
এদিকে দ্বিতীয় দিনে বিভিন্ন কারণে বোর্ডগুলোতে মোট ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন মাদরাসা এবং ৩ জন কারিগরি বোর্ডের শিক্ষার্থী ছিলেন।