গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শনিবার ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ছবি: ভিডিও থেকে
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শনিবার সকালে এ অধিবেশন আয়োজন করা হয়।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
এর মধ্যে রয়েছে, দেশি-বিদেশি ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক, আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচি, তৃতীয় ভাষা শিক্ষা, দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম, গ্রিন ক্যাম্পাস গঠন এবং আগামী পাঁচ বছরে শিক্ষার্থীদের মাধ্যমে দুই কোটি গাছ রোপণের পরিকল্পনা।
এছাড়া স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক, সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণের আধুনিকীকরণ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির বিষয়েও আলোচনা করা হয়।
অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ, সিনেট সদস্য এবং শিক্ষাবিদরা অংশ নেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
অধিবেশনে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান নয়; বরং জ্ঞাননির্ভর, দক্ষ, উদ্ভাবনী এবং কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম মানবসম্পদ গড়ে তোলা। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে-এমন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।