সংঘর্ষে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথার আহমেদের অবস্থার অবনতি হওয়ায় তাকা ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইথান আহমেদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
নগরীর কাটাবিল এলাকায় বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার রাত থেকে মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে পুলিশ মেতায়েন করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
রাতের ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদক বিরোধী মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। এরপর দুপুরেই একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণের ঘটনায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
তিনি আরও জানান, সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ইথানের মা সোনিয়া আক্তার বলেন, “আমার ছেলে স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়েছিল। এর মধ্যেই পিঠে গুলি লাগে। কুমিল্লা মেডিক্যালে রাখে নাই তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হচ্ছে”।
এদিকে সংঘর্ষের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপ-দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আর যে ছেলেটি গুলিবিদ্ধ হয়েছে সে স্কুল থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিলো বলে শুনেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে”।