× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিজন ভ্যান থেকে আসামি ‘পিচ্চি রাজার’ পলায়ন, ৫ পুলিশ বরখাস্ত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম

প্রিজন ভ্যান, ইনসেটে আসামি পিচ্চি রাজা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রিজন ভ্যান, ইনসেটে আসামি পিচ্চি রাজা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসার ইনচার্জ মোহাম্মদ তাহেরুল হক চৌহান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রিজন ভ্যানের চালকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জিএমপির উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) এর নেতৃত্বে কমিটিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ মে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।


পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ মোট ২৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রবিবার সকালে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে রাতে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

জেল সুপার বলেন, “রাত সাড়ে ৮টার দিকে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা টয়লেটে যাওয়ার কথা জানান। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি টয়লেটে নিয়ে যান। সেখানে কৌশলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি”।

ঘটনার পর দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পিচ্চি রাজাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা