গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। ফাইল ছবি
ঢাকার মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ গাজীপুরে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেছে।
আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে গাড়ি থেকে নামার পর দৌড়ে পালিয়ে যায় সে।
এ ঘটনায় তাকে গ্রেপ্তারের পাশাপাশি কীভাবে সে পালানোর সুযোগ পেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের নওজোড় হাইওয়ে থানার কাছাকাছি এ ঘটনা ঘটে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা অধিদপ্তরের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, আদালতে হাজিরা শেষে কাশিমপুরে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বললে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকেই সে পালিয়ে যায়।
কারাগার সূত্রে জানা যায়, ওই দিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে নেওয়া হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে তাদের গাজীপুরে ফেরত নেওয়ার সময় নওজোড় এলাকায় পিচ্চি রাজা টয়লেটে যাওয়ার কথা জানায়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে গাড়ি থেকে নামানোর পর সে দৌড়ে পালিয়ে যায়। পরে বাকি আসামিদের কারাগারে নেওয়া হয়।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হোসেন বলেন, প্রিজন ভ্যানে থাকা আসামিদের মধ্যে পিচ্চি রাজা পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে সে পালিয়ে গেল এবং এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, পিচ্চি রাজা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক একটি মাদকচক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ অন্তত ২৫টি মামলার তথ্য রয়েছে।
চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তার কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।