প্রতীকী ছবি
জুলাইয়ের তুলনায় আগস্টে দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। এ সময়ে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ, হত্যা, আত্মহত্যা, অপহরণ ও নিখোঁজের মতো গুরুতর অপরাধ বেড়েছে। একই সঙ্গে মাদক মামলায় আটকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
জুলাই ও আগস্ট মাসের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলি পর্যালোচনা করে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ছিল ৩০৬টি। আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭টিতে—অর্থাৎ এক মাসে ২১টি বা ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি। একই সময়ে নারী ও শিশু হত্যা ৫২টি থেকে বেড়ে ৯১টিতে পৌঁছেছে। অর্থাৎ এক মাসে হত্যার ঘটনা বেড়েছে ৩৯টি বা প্রায় ৭৫ শতাংশ।
এমএসএফ বলছে, আগস্টে জুলাইয়ের তুলনায় সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২ শতাংশ। ধর্ষণ ও হত্যা বেড়েছে ৬৭ শতাংশ, আত্মহত্যা ৩৯ শতাংশ, অপহরণ/নিখোঁজ ৮ শতাংশ এবং বেআইনি সালিশ ৩৩ শতাংশ। আর মাদক মামলায় আটকের হার বেড়েছে ১২৯ শতাংশ।
আগস্টে অনলাইন জুয়াকে কেন্দ্র করে একজন নিহত, একজন আহত ও চারজন আটক হয়েছেন। লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় এক শিক্ষক নিহত ও একজন আহত হন। আটক ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা, যশোর, রংপুর ও ঢাকার একজন করে রয়েছেন।
প্রতিবেদনে উঠে এসেছে মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদ্বেগজনক চিত্র। গাইবান্ধায় ধর্ষণের অভিযোগে এক নারীকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নোয়াখালীতে ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শরীয়তপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনাও সালিশে ১ লাখ টাকায় মীমাংসার অভিযোগ রয়েছে।
এ ছাড়া আগস্টে তিনটি জীবিত নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের তথ্য দিয়েছে এমএসএফ। সংস্থাটির মতে, এসব ঘটনায় প্রকৃত অভিভাবক বা দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যকর তদন্তের নজির খুবই বিরল।