× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বাসরোধেই চারজনকে হত্যা, ধর্ষণের আলামত মেলেনি

রংপুর অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৯:২৮ পিএম

পরিবারের সঙ্গে শিক্ষক গণপতি চক্রবর্তী। ছবি: ফেসবুক থেকে

পরিবারের সঙ্গে শিক্ষক গণপতি চক্রবর্তী। ছবি: ফেসবুক থেকে

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তে আগামী চক্রবর্তী ও প্রীতিলতা চক্রবর্তীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

পুলিশ হত্যার সম্ভাব্য কারণ হিসেবে মাদকসেবনে বাধা দেওয়ার বিষয়টির কথা বললেও জমি বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে ক্ষোভের দিকটিও খতিয়ে দেখছে।

এদিকে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে, পুলিশ প্রহরায় থাকা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে পানি পড়ে আলামত নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে চারজনকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া গেছে। তার ভাষ্য, মাদকসেবনে বাধা দেওয়ায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস পরিবারের চার সদস্যকে হত্যা করেছে। তিনি বলেন, আগামী চক্রবর্তী ও প্রীতিলতা চক্রবর্তীর ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষা করা হয়েছে। সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি”।

পুলিশ কমিশনার বলেন, “শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ থেকে বিভিন্ন ধরনের শারীরিক নির্গমন ঘটতে পারে। এ ঘটনায় একজন ডোম বীর্যের উপস্থিতির কথা বললেও সেটি মৃতদেহ থেকে নির্গত পদার্থ ছিল”।

তিনি আরও বলেন, “দখিগঞ্জ শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি অনুযায়ী, মুগ্ধ দাস তার কাছে গিয়ে বলেন, তিনি ও সিদ্ধার্থ চারজনকে হত্যা করেছেন”।

পুলিশ কমিশনার আরও বলেন, “অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পূর্বপুরুষদের কাছ থেকে গণপতি চক্রবর্তী জমি কিনে বাড়ি করেছিলেন। জমিটি বেশি দামে বিক্রি এবং বিক্রির অর্থ পরিবারের সদস্যদের মধ্যে আনুপাতিক হারে ভাগ না হওয়ার বিষয়টি সিদ্ধার্থ দাসের পরিবারের একাংশ ভালোভাবে নেয়নি বলে তথ্য পাওয়া গেছে। এ নিয়ে ক্ষোভ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ”।


জামায়াতের উদ্বেগ

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “একটি শিক্ষিত ও ভদ্র পরিবারের চারজন সদস্যকে হত্যা করা হলেও এখনো হত্যাকাণ্ডের সঠিক ক্লু বের করা সম্ভব হয়নি”।

গোলাম পরওয়ার বলেন, “সরকার গোয়েন্দা সংস্থার পেছনে বিপুল অর্থ ব্যয় করলেও এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এমন কোনো তথ্য বের করা গেছে কি না, যাতে হত্যার প্রকৃত ঘটনা জাতির সামনে স্পষ্ট হয়েছে- সে বিষয়েও গণমাধ্যমে নিশ্চিত তথ্য আসেনি”।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ছাদে পানি পড়ে আলামত নষ্টের অভিযোগ

বুধবার রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে পানি পড়ে আলামত নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের ভাষ্য, গণপতি চক্রবর্তীর মৃত্যুর পর তিন দিন ধরে বাড়ির লাইট জ্বালানো ছিল। বুধবার সন্ধ্যায় হঠাৎ লাইট বন্ধ করা হয়। পরে পানির মোটর চালু করলে ট্যাংক উপচে ছাদে পানি পড়ে। 

এ বিষয়ে স্থানীয়রা পুলিশ সদস্যদের কাছে জানতে চাইলে তারা কোনো জবাব দেননি বলেও অভিযোগ করা হয়েছে। তবে আলামত নষ্টের অভিযোগ নাকচ করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

তিনি বলেন, “বাড়িতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিদ্যুতের সুইচ সম্পর্কে জানতেন না। ভুলবশত পানির মোটর চালু করা হয়েছিল। পরে ট্যাংক পূর্ণ হয়ে পানি ছাদে পড়লে মোটর বন্ধ করে দেওয়া হয়”।

তিনি বলেন, “এতে আলামত নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট আলামত ঘটনাস্থল থেকে শনিবারই সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা