× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে একই পরিবারের চার হত্যা

পুলিশের রহস্য উদ্ঘাটনে রহস্য আরও দানা বাঁধছে

মেরিনা লাভলী ও এহসানুল হক সুমন, রংপুর

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২২:২৫ পিএম

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ ও শোক র‌্যালী করেন জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষাথীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ ও শোক র‌্যালী করেন জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষাথীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। কিন্তু পুলিশের রহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে জনমনে রহস্য আরও দানা বেঁধে উঠেছে।

শুধু মাদক সেবন করতে দেখে ফেলায় শ্রদ্ধাভাজন শিক্ষককে হত্যা, বাড়ির ছাদে খোলা স্থানে ইয়াবা সেবন, সিনেমাটিক স্টাইলে পরিবারের একের পর চারজনকে হত্যা, অপরাধের ঘটনা জানার মাত্র ৯ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার ও আদালতে অভিযুক্তদের দায় স্বীকার নিয়ে নানা প্রশ্ন উঠেছে। 

ইতোমধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে আগামী চক্রবর্তীর ভোর প্রায় ৬টায় দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। এটিও প্রশ্ন তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে রংপুর জিলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং নেটিজেন পুলিশের বক্তব্য নিয়ে সংশয় ও সন্দেহ প্রকাশ করছেন। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে শোকর‌্যালি ও মানববন্ধন-সমাবেশ করা হয়েছে তাদের উদ্যোগে। তাদের দাবি, প্রকৃত ঘটনা উদ্ঘাটন না করে পরিস্থিতি সামাল দিতে ঘটনা সাজানো হয়েছে। তবে পুলিশের দাবি, যথাযথ প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অপরাধের বিষয়ে আদালতে দায়ও স্বীকার করেছে।

প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি

শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় গত রবিবার ভোরে রংপুর নগরীর মাছুয়াপাড়া থেকে একই এলাকার যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদে ইয়াবা সেবন করা দেখে ফেলায় ভোর রাতে প্রথমে গণপতি চক্রবর্তী, এরপর সিড়িতে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী এবং সর্বশেষ দ্বিতীয় তলায় শোবার রুমে জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। 

পুলিশের সংবাদ সম্মেলন গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হলে রংপুর জিলা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকসহ নেটিজেনরা বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সোমবার সকালে রংপুর জিলা স্কুল থেকে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা নগরীতে একটি শোকর‌্যালি বের করেন। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্কুলের সামনে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক শফিয়ার রহমান, মাহমুদুন নবী ডলার, সাবেক শিক্ষার্থী অহন ইসলাম, পাপন মাহমুদ প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থী পাপন মাহমুদ বলেন, ‘হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার হওয়া দুই যুবকই শুকনো ও হ্যাংলা-পাতলা। তাদের পক্ষে স্যারের মতো স্বাস্থ্যবান মানুষকে হত্যা করা প্রায় অসম্ভব। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে বাড়ির ভেতরে মাদক গ্রহণ অসম্ভব। আমরা চাই আগামী তিন দিনের মধ্যে প্রকৃত খুনিদের সামনে আনা হোক।’

সাবেক শিক্ষার্থী মুনতাসীর আহমেদ অহন বলেন, ‘পুলিশ কমিশনার স্যারের বক্তব্য আমাদের স্ক্রিপ্টেড মনে হয়েছে। কারণ বাস্তব চিত্রের সাথে তার কথার কোনো মিল নেই। ইয়াবা খোলা ছাদের নিচে খাওয়া সম্ভব নয়। পুলিশ বলছে, মাদকসেবন করতে দেখে ফেলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমার মনে হয় এর পেছনে আরও অনেক কারণ রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তাদের তাৎক্ষণিক অর্জন দেখিয়েছে। আশা করছি, প্রশাসন দ্রুত প্রতিটি সূত্র ধরে প্রকৃত দোষীদের সামনে আনবে।’

জিলা স্কুলের সাবেক শিক্ষক শফিয়ার রহমান বলেন, ‘গণপতি স্যারসহ তার পরিবারের ৪ জনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সেই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।

প্রকৃত ঘটনাই উদ্ঘাটিত হয়েছে, দাবি পুলিশের

শিক্ষকসহ চার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের উদ্ঘাটিত রহস্যই প্রকৃত ঘটনা, এমন দাবি করেছেন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, ‘প্রশ্ন উঠেছে দুই ছেলে কীভাবে চারজনকে হত্যা করেছে। পুলিশ কমিশনার স্যার বলেছেন, কীভাবে চারজনকে হত্যা করা হয়েছে। আসামী সিদ্ধার্থ দাসের বাড়ি গণপতি চক্রবর্তী স্যারের বাড়ির দেয়ালঘেঁষা। মুগ্ধ ও সিদ্ধার্থের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির ছাদে মুগ্ধ ও সিদ্ধার্থকে ইয়াবা সেবনকে দেখে ফেলায় স্যার প্রতিবাদ জানিয়েছিলেন। সেই সময় তারা দুজন স্যারের ঘাড়ে থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ছাদে শব্দ শুনে গণপতি স্যারের স্ত্রী প্রীতিলতা সিড়ির কাছে এলে তারা দুজন মিলে শ্বাসরোধ করে তাকেও হত্যা করে। শব্দ শুনে মেয়ে আগামী চক্রবর্তী সিঁড়ির কাছে এলে তাকেও একই কায়দায় হত্যা করা হয়। তাদের তিনজনকে হত্যার পর শোয়ার ঘরে মূল্যবান জিনিসপত্র খুঁজতে গেলে ঘুমন্ত প্রিয়ম চক্রবর্তী উঠে যায় এবং তাদের চিনে ফেলে। এজন্য তাকেও শ্বাসরোধ করে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। অনেকে প্রশ্ন তুলেছেন, তাদের দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। মুগ্ধ ও সিদ্ধার্থ এক সাথে চারজনকে খুন করেনি। তারা দুজন মিলে একের পর এক চারজনকে হত্যা করেছে। এটি তাদের পক্ষে সম্ভব। তবে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষে হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো তথ্য থাকলে জানা যাবে।’

বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে তিনি বলেন, ‘তারা স্যারের বাড়িতে ৫ থেকে ৬ ঘণ্টা অবস্থান করে। বাসা থেকে বেরিয়ে যাওয়ার আগে মিটারের কাছ থেকে লাইন কেটে বেরিয়ে যায়। যেন বাসাটি অন্ধকার থাকে। আর আসামি শনাক্তের বিষয়ে আমরা ইতোমধ্যেই জানিয়েছি, সিদ্ধার্থ চুড়ি সোনার কি না তা আগুন জ্বালিয়ে পরীক্ষা করেছে, ইয়াবা সেবনের আলামত পাওয়া গেছে।’

শুক্রবার ভোরে আগামীর দেওয়া পোস্টের স্ক্রিনশট ফেসবুকে

ইতোমধ্যে হত্যাকাণ্ডের শিকার আগামী চক্রবর্তীর একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, আগামী চক্রবর্তী তার কোনো এক পরিচিত জনকে ভোর ৫টা ৫০ মিনিটে লিখেছেন, ‘আমার বাসায় কারেন্ট নাই সারারাত, বিদ্যুতের কী জানি নষ্ট হয়েছে। সবার বাসায় কারেন্ট আছে আমার বাসায় নাই। সারারাত জাগলাম।’ পুলিশ ভোর রাতে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে জানালেও ওই স্ক্রিনশট অনুযায়ী প্রায় ৬টা পর্যন্ত ফেসবুকে সক্রিয় ছিলেন আগামী চক্রবর্তী। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মিলন চ্যাটার্জি বলেন, ‘ফেসবুক ক্রিনশটের বিষয়টি আমার জানা নেই। বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

আদালতে মুগ্ধ ও সিদ্ধার্থের ১৬৪ ধারায় জবানবন্দি 

চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত রবিবার রাতে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক এসএম রফিকুল ইসলাম অভিযুক্ত দুই আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি। তিনি বলেন, গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধকে রাতে আদালতে তোলা হলে তারা বিজ্ঞ বিচারকের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এরপর আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।’

উল্লেখ্য, রংপুর নগরীর মাছুয়াপাড়ার বাসিন্দা রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে তার স্বজনরা সাড়াশব্দ না পাওয়ায় গত শনিবার সন্ধ্যায় পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির তালা ভেঙে গণপতি চক্রবর্তী (৬৫), প্রীতিলতা চক্রবর্তী (৫২) ও আগামী চক্রবর্তী (২৫) এবং প্রিয়ম চক্রবর্তীর (১২) লাশ দেখতে পায়। এ মর্মান্তিক হত্যার ঘটনায় রংপুরসহ দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় রবিবার ভোরে গ্রেপ্তার মাছের দোকান কর্মচারী মুগ্ধ দাস (২৩) ও স্বর্ণের দোকানে কারিগর সিদ্ধার্থ দাস (১৯) সম্পর্কে মামাতো ভাই। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা