চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবিছ। ছবি: ইউএনবি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগ (ডিবি)।
ডিএমপি মিডিয়া সেন্টারে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন সানি সাহা ও ফাতিন ইসরাক লাবিব। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শফিকুল ইসলাম জানান, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে বাসার উদ্দেশে বের হন অধ্যাপক ডা. আসাদুর রহমান। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ডায়াগনস্টিক সেন্টারের সামনে সিএনজিতে ওঠার সময় জীবন ওরফে আদিলসহ কয়েকজন তার গতিরোধ করে।
কারণ জানতে চাইলে তারা চিকিৎসককে সিএনজি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে জীবন ওরফে আদিল চিকিৎসকের ডান চোখে গুরুতর আঘাত করে। অন্যরা তার মাথা, দুই চোখের ওপরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং ভয়ভীতি ও হুমকি দেন।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পল্টন মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জীবন ওরফে আদিলকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহত চিকিৎসককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ডা. আসাদুর রহমান বাদী হয়ে জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, হামলার কিছুদিন আগে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে চিকিৎসককে ফোন করে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়েছিল।
ডিবি প্রধান জানান, ঘটনার পর অন্য আসামিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তদন্ত শুরু করা হয়। শনিবার রাত ১২টার পর শনির আখড়ার গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সানি সাহাকে এবং রাত আড়াইটার দিকে নিকুঞ্জ-২ এলাকা থেকে ফাতিন ইসরাক লাবিবকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে সানি সাহা জানায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সে সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করত। ২০২৩ সালে জান্নাত আলমগীর হোসেনের সঙ্গে তার পরিচয় হয়।
ডিবির দাবি, পরে আলমগীর তাকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ উপার্জনের প্রস্তাব দেন। এতে বিভিন্ন সময়ে প্রায় পাঁচ কোটি টাকা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সানি অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
ডিবি আরও জানায়, দেশে ফেরার পর সানিকে সমাজের উচ্চবিত্ত ব্যক্তিদের বাসার ঠিকানা, গাড়ির নম্বর, পেশা, চলাফেরা ও আর্থিক তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। অধ্যাপক এ কে এম আমিনুল হক ও ডা. আসাদুর রহমানকে ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের অর্থ আদায়ের পরিকল্পনাতেও তাকে যুক্ত করা হয়।
সানির নির্দেশে ফাতিন ইসরাক লাবিব হামলায় অংশ নেওয়ার জন্য আবু বকর, রাতুল, ইবান, জীবন ও সাব্বিরকে এক লাখ টাকার বিনিময়ে সংগঠিত করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এর আগে এ ঘটনায় ইবান ও জীবনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারাগারে রয়েছেন।
এদিকে ডা. আসাদুর রহমানের ওপর হামলার আগে গত ২৭ জুলাই ধানমন্ডি ৪ নম্বর সড়কে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক এ কে এম আমিনুল হকের গাড়ি আটকে পাঁচজন তাকে হুমকি দিয়েছিল বলেও জানিয়েছে ডিবি।
গ্রেপ্তার সানি সাহা ও ফাতিন ইসরাক লাবিবের বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।