আদাবর থানা। ফাইল ছবি
ঢাকার আদাবর এলাকায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই)। ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে ওই এলাকায় একদল দুর্বৃত্ত চাপাতির ভয় দেখিয়ে একটি দোকানে ছিনতাই চালায় বলে অভিযোগ পাওয়া যায়।
আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে পুলিশ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনি এবং এসআই তরুণ ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযানের কার্যক্রম অব্যাহত আছে বলে জানান তিনি।