প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
মিরপুরের শেওড়াপাড়া এলাকায় চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সম্প্রতি মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পরপরই র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব বলছে, “ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে মোটরসাইকেল চালক রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই বিরোধ চলছিল। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
“ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত কালু, পারভেজসহ কয়েকজন সহযোগী ওই এলাকায় অবস্থান করছিল। রাফিকে একা পেয়ে তারা তাকে আটকের চেষ্টা করে। একপর্যায়ে কালু তাকে থামাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন”।
পরে অভিযুক্তরাই আহত রাফিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, পরবর্তী আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।