প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২ পিএম
ছবি: সংগৃহীত
আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাংলাদেশ থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচারের সহযোগী হিসেবে কাজ করা আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে তাদের উপস্থাপন করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, ইম্পেরিয়াল ট্রেডিং নামের প্রতিষ্ঠানের মালিক আবদুল আজিজ দুদকের মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, আরামিট পিএলসির এজিএম উৎপল পাল নতুন করে মামলায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।
সূত্র জানায়, উৎপল পাল ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জাবেদের দেশ থেকে দুবাই এবং সেখান থেকে যুক্তরাজ্যে অর্থপাচার প্রক্রিয়ার মূল অংশ ছিলেন। দুদক তাকে অর্থপাচারের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখছে। যদিও তিনি আরামিট পিএলসির কর্মচারী, বাস্তবে তিনি জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদিকে আবদুল আজিজ সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

এদিকে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে দুদক। প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের এবং ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ অর্ধশতাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে।