সীতাকুণ্ডে রেলগেটে তিন কনস্টেবল নিহত
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৩:৪৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৫:৫৩ পিএম
দুর্ঘটনা কবলিত পুলিশের গাড়ি। রবিবার দুপুরে সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় থেকে তোলা। প্রবা ফটো
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলেগেটে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় পুলিশের তিন কনস্টেবল নিহতের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। রবিবার (২৭ আগস্ট) রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সামিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে গেটম্যান শাহরিয়ার মাহমুদ দীপুকে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম প্রতিদিনের বাংলাদেশকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মামলায় গেটম্যান দীপুকে একমাত্র আসামি করা হয় বলে তিনি জানান।
ওসি বলেন, ‘মামলা নথিভুক্ত করার পর পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। মামলায় রেলক্রসিংয়ে ব্যারিয়ার না ফেলায় গেটম্যানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলাসহ ৩০২, ৩৩৮ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।’
আরও পড়ুন: রেলক্রসিং পার হচ্ছিল পুলিশের গাড়ি, ট্রেনের ধাক্কায় নিহত ৩
গতকাল রবিবার দুপুর পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হন ইস্কান্দার, হোসাইন ও মিজান। তারা তিনজনই পুলিশের কনস্টেবল ছিলেন। আহতরা হলেন এসআই সুজন সাহা, পুলিশ ভ্যানের চালক কনস্টেবল ওমর ও শাহাদাত মেম্বার। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর চট্টগ্রাম রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই সালাউদ্দিন খান নোমান জানিয়েছিলেন, চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।