× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি ছোট মনিরের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৭:১০ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৩:৪৯ পিএম

সোমবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন। প্রবা ফটো

সোমবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন। প্রবা ফটো

টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন আমিনুল ইসলাম আমিন নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা। সোমবার (৩ এপ্রিল) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে নিজেকে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য দাবি করা আমিনুল ইসলাম আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ১৪ মার্চ ঘাটাইল (পোড়াবাড়ী)-শালিয়াজানী-গোপালপুর-সরিষাবাড়ী (জগন্নাথগঞ্জ) জেলা মহাসড়ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি নামফলক স্থাপন করা হয়। কিন্তু কয়েক মাস যাওয়ার পর সংসদ সদস্য ছোট মনির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলকটি ভেঙে নিজের (ছোট মনির) নামে নতুন একটি নামফলক স্থাপন করেন। বিষয়টি গোপালপুরের সাধারণ মানুষ সবাই অবগত আছে। ছোট মনিরের এত বড় ধৃষ্টতার প্রতিবাদ করার কারণে তার সন্ত্রাসী বাহিনী আমাকে বিভিন্ন সময় হত্যা ও গুমের হুমকি দিয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হই। ভূয়াপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ইব্রাহিম খাঁ কলেজ ছাত্রসংসদের নির্বাচিত জিএস, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করি। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমান ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদে থেকে তৃণমূল আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করে যাচ্ছি। বর্তমানে নিজ দলের সংসদ সদস্য ছোট মনির এবং তার সন্ত্রাসী বাহিনীর প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে পরিবার-পরিজনসহ আতঙ্কে দিনানিপাত করছি। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

আরও পড়ুন: ‘এমপি ছোট মনিরই নিক্সন হত্যার নির্দেশদাতা’

আমিনুল ইসলাম আমিন বলেন, ‘এমপি ছোট মনির শুধু আমাকে হয়রানি করেই ক্ষান্ত হয়নি, ভূঞাপুরের উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, ভূঞাপুরের তিনবারের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত মেয়র মাসুদুল হক মাসুদ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গরিব অসহায়দের কম্বল বিতরণ করতে গেলে ছোট মনিরের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী আমিসহ একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করে গুলি, দেশীয় অস্ত্র দ্বারা গাড়ি ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেল ছিনতাইসহ সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীদের গুরুতর আহত করে।’

তবে এ বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেননি বলে জানান তিনি। ৩ মার্চ ছোট মনিরের নির্দেশে ভূঞাপুর থানায় আমিনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। আমিন অভিযোগ করেন, ‘গোবিন্দাসী ঘাট নামে বৈধ বালুঘাটে ২০০ পরিবারের কর্মসংস্থান ছিল। এটিও ছোট মনিরের সন্ত্রাসী বাহিনী দখল করে নিয়েছে।’

আপনাকে কেন হুমকি দেয়, জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট মনির ও তার সন্ত্রাসী বাহিনীর অপকর্মের  প্রতিবাদ করায় তারা আমার ওপর ক্ষুদ্ধ।’ 

হত্যা ও গুমের হুমকির বিষয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন কি না, জানতে চাইলে আমিন বলেন, ‘শুধু আমি না, ছোট মনিরের ভয়ে কেউ থানায় যেতে চায় না। তার বিরুদ্ধে অনেকেই বলতে চায়, কিন্তু ভয়ে বলে না। আজকে সংবাদ সম্মেলন করায় নিজের প্রাণনাশ ও পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে এমপি ছোট মনির বলেন, ’অভিযোগকারী মানসিকভাবে অসুস্থ। আমার বিরুদ্ধে হত্যা ও গুমের হুমকির অভিযোগ আনা হয়েছে, সে প্রমাণ দিতে পারবে না। সে আমারই লোক ছিল। মনোনয়ন না পেয়ে দুবার আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে। দুবারই বহিষ্কার হয়েছে। তাকে নির্বাচন করতে না করেছিলাম। হেরেছে, হারার পর থেকে সে উল্টাপাল্টা করছে।’

তিনি বলেন, ‘টাকা দিলে যে কারও বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে পারে আমিন। জাতীয় নির্বাচনের আর কয়েক মাস বাকি, স্বার্থান্বেষী মহল সুনাম ক্ষুণ্ণ করতে কাজ করছে। তাকে কেউ টাকা দিয়ে এগুলো করাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা