গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) মোড়ে লাঠিসোঁটা নিয়ে একদল লোকের অবস্থান ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। পরে বিজিবির হস্তক্ষেপ ও কার্যকর আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে একটি যৌথ টহলদল ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় অবস্থানকারীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি।
বিজিবি জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ধরনের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।