আগৈলঝাড়ায় একটি মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার
দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদ সংলগ্ন এলাকা থেকে
বোমা দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায়। পরে মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে পড়ে থাকা দুটি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা কিংবা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।