কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ মিনিট আগে
আপডেট : ১১ মিনিট আগে
কালকিনিতে শুক্রবার রাতে বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া
মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় দুই শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংঘর্ষে উপজেলা তাতীদলের সদস্য সচিব বিল্পবসহ ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টা থেকে ১০ টার মধ্যে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা, মাছ বাজার ও থানার মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও বিস্ফোরণের ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু ও কালকিনি ছাত্রলীগের সভাপতি বাকামিনের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে অগ্রসর হলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এ সময় দফায় দফায় হাতবোমা ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
সংঘর্ষ চলাকালে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে পৌর মাছ বাজারসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান।
এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তারা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের সংঘাত চান না। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তবে আকস্মিক এ সংঘর্ষ ও একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় কালকিনি পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।